২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক প্রজন্ম

সকালবেলা কাজে যাওয়ার আগেই নাশতা বানানোর কাজটা সেরে ফেলেন মিসেস শামীম। তবে ছেলে রওনকের যেন খাওয়ার সময়ই হয় না। প্রায় প্রতিদিনই “কাজ আছে, মা!”-- বলে বেরিয়ে যায় সে। আজকাল প্রায় সব পরিবারেরই নিত্যদিনের গল্প এটি। শাসনের বেড়াজালে এই প্রজন্মকে আর বেঁধে রাখা যায় না। দারুণ ব্যস্ত এই ফেইসবুক প্রজন্ম নিয়েই এই আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 02:07 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

আজকের প্রজন্মের জন্য ইন্টারনেটের জগৎ পুরোটাই খোলা। গুটি কয়েক উচ্চবিত্ত পরিবারের তরুণের কাছে নয়, আজ মধ্যবিত্ত পরিবারের তরুণদের ঘরেও পৌঁছে গেছে কম্পিউটার। ইন্টারনেটের সঙ্গে তাদের সখ্য আরও বাড়িয়ে দিয়েছে জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক ফেইসবুক। নতুন বন্ধু তৈরির পাশাপাশি অনেকে পুরনো বন্ধুদেরও খুঁজে পাচ্ছেন।

অনেক বাবামায়েরই ক্ষোভ, ফেইসবুকের প্রতি আজকালকার ছেলেমেয়েরা একটু বেশিই আসক্ত। বেশ খানিকটা সময় নষ্ট হলেও বন্ধুতা বজায় রাখতে এখন অনেকেই ফেইসবুকের উপর নির্ভরশীল। বন্ধুদের সঙ্গে কথা বলার বা নিজের মতামত প্রকাশ করার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

এখনকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়ে কমবেশি সবাই অনেক প্রফেশনাল। পড়াশোনার পাশাপাশি আরও নানা পেশায় যোগ দিচ্ছেন তারা। এক সময় তরুণরা শুধু গানের দল করত, ক্লাবে আড্ডা দিত বা ছাত্র পড়াত। আর এখনকার ছেলেমেয়েরা এসব করা ছাড়াও বিভিন্ন অফিসে যোগ দিচ্ছে।

পড়ালেখা শেষ করে তবেই চাকরিতে ঢুকব-- এই মানসিকতার পরিবর্তন হয়েছে অনেক আগেই। এক্ষেত্রে পার্টটাইম কাজের প্রচলন ঘটেছে। কেউ-বা গ্রাফিক্স ডিজাইন পেশায় ঢুকছেন বা কাজ করছেন ফটোগ্রাফার হিসেবে। অনেকে আউট সোর্সিং করেই নিজের হাত খরচ চালিয়ে নিচ্ছেন।

কথা হচ্ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র আফজালের সঙ্গে। একটি পত্রিকায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে কাজ করেন। তিনি বলেন, “আসলে নিজের হাত খরচটা চালাতেই ফটোগ্রাফি করি। এমনিতেই পড়াশোনার পেছনে অনেক খরচ লাগে। তাই হাত খরচের চাপটা বাবা-মাকে দিতে চাই না।”

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহরাবেরও একই কথায়। একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছেন। তিনি বলেন, “আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই। আর আমার সেই প্রস্তুতির অনেক অংশ জুড়ে থাকে এই কোচিংয়ের ক্লাসগুলো। সপ্তাহে তিন চারটা ক্লাস নেই। পড়ালেখারও ক্ষতি হয় না, আবার পড়ার খরচটাও চলে।”

আর ঢাকার বাইরের মধ্যবিত্ত পরিবার থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তো কথাই নেই। প্রায় সবাই বাসায় গিয়ে ছাত্র পড়িয়ে বা অন্য কোনো উপায়ে নিজের খরচটা চালিয়ে নিচ্ছেন। এর ব্যতিক্রম যে নেই তা নয়। তবে সিংহভাগই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত।

পরিবর্তন এসেছে তাদের ঘুরে বেড়ানোর অভ্যাসেও। আজকাল আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন ক্যাফে-লাউঞ্জগুলো বেশ জনপ্রিয়। গুলশান, বনানী, ধানমণ্ডির মতো জায়গাগুলোতে গজিয়ে উঠছে নতুন নতুন ক্যাফে।

অভিনেতা-মডেল সুমন পাটওয়ারী চাকরি করেন। শুটিং না থাকলে সন্ধ্যায় নিয়মিত আড্ডা দেন। বন্ধু ছাড়া জীবন যেন অচল। তাই প্রতি সন্ধ্যাতেই তার ফেইসবুকে কোনো না কোনো রেস্তোরাঁর লাউঞ্জে বন্ধুদের সঙ্গে ‘চেক ইন’ থাকে।

খোলা জায়গা বাদ দিয়ে ইটের ছাদের তলায় আড্ডা দিয়ে কি কোনো মজা আছে? প্রশ্ন রাখতেই সুমনের উত্তর, “তাহলে আর কোথায় আড্ডা দিব! বাসায় তো আড্ডা দেওয়া সবসময় সম্ভব না। এ রকম লাউঞ্জ বা রেস্তোরাঁয় বসে বন্ধুদের নিয়ে বেশ নিরাপদে আড্ডা দেওয়া যায়। গরমের মধ্যে অন্তত ঠান্ডায় বসা যায়।”

এই প্রজন্মের না হয়েও সুমন যেমন স্বাচ্ছন্দ্যের জন্য ক্যাফেগুলোতে আড্ডা দেন, তেমনি তরুণরাও একই কারণে রেস্তোরাঁগুলোতে সময় কাটায়।

“বেশিরভাগ লাউঞ্জভিত্তিক রেস্তোরাঁতে রয়েছে বিনামূল্যে ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহারের সুযোগ। যে কারণে নেট ঘাঁটাঘাঁটি আর ফেইসবুকিং করেও আরামে সময় পার করা যায়।” বললেন এই সময়ের রেডিও এবং টেলিভিশন উপস্থাপক অনিক খান।

তবে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, বিশেষ করে যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা এখনও বজায় রেখেছেন গাছতলায় চায়ের দোকানে আড্ডা দেওয়ার ঐতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তাসনিম বলেন, “নিজের ক্যাম্পাসেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ক্যাম্পাসের মনোরম পরিবেশে আড্ডাটাও বেশ জমে।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনোভাব একটু আলাদা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামান্তা বলেন, “আসলে পড়ার এত চাপ থাকে যে বাইরে ঘুরতে যাওয়ার সময়ই পাওয়া যায় না। তাই বাসা বা ক্যাম্পাসের আশপাশের ক্যাফে বা ফুডকোর্টগুলোতেই সময় কাটান হয় বেশি। আর আমার কফি আর ফ্রাইড চিকেন খুবই পছন্দ!”

এই প্রজন্মের আরও বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের ফ্যাশন সচেতনতা। শুধু পহেলা বৈশাখ, ফাল্গুন বা ঈদকেন্দ্রিক নয়। তাদের প্রতিদিনের ব্যবহারের কাপড়েও রুচির প্রয়োগ দেখা যায়। মেয়েরা এখন অনেকেই জিন্স-ফতুয়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওড়নার রাজত্ব অনেকটাই কেঁড়ে নিয়েছে মানানসই স্কার্ফগুলো।

তবে বিভিন্ন উপলক্ষগুলোতে এখনও প্রাধান্য পাচ্ছে শাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রী সেঁজুতি বলেন, “আমরা রং নিয়ে খেলা করি। কাপড় নিয়ে মাথা ঘামানোর সময় কথায়! তাই জিন্স-ফতুয়াটাই বেশি পছন্দ করি। তবে কোনো বিশেষ উপলক্ষে শাড়ি আমার চাই-ই চাই।”

আবার তারই বন্ধু, একই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ছাত্রী রুমকি বলেন, “আমাদের পরিবার কিছুটা ধার্মিক। তাই সবসময়ই সালোয়ার-কামিজ পরতে হয়েছে, সঙ্গে মাথায় স্কার্ফ। প্রথমদিকে মন খারাপ লাগলেও এখন ভালোই লাগে। হাল ফ্যাশনের সালোয়ার-কামিজ, সঙ্গে মানানসই স্কার্ফ দিয়েই নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করি।”

দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে এখনকার প্রজন্ম। বিশ্ব সংস্কৃতির খারাপ প্রভাবগুলো যে তাদের উপর প্রভাব ফেলে না তা নয়। তবে এখনও বাংলাদেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের তৈরি করে নিচ্ছে। বাবা-দিবসে বাবাকে উপহার দিয়েই হোক আর মা-দিবসে মাকে নিজ হাতে রান্না করে খাইয়ে হোক-- পাশ্চাত্যের প্রভাব কাটিয়ে পারিবারকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা।

ছবি : সাকিব-উল-ইসলাম