২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলো আঁধারির খেলায়

তাদের অনেকে ফ্যাশন মডেল হিসাবে শুরুর পর জায়গা করে নিয়েছেন অভিনয়ে। কেউ আবার অভিনয়ে চমক দেখাতে না পেরে মডেলিংয়েই ফিরে এসেছেন। তবে কেউ কেউ আছেন, যারা তারকা খ্যাতি পেয়েছেন দুই জগতেই।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সামিন সাবাবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 02:19 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

ক্রমশ বেড়ে ওঠা বাংলাদেশের বিজ্ঞাপনী বাজারে ফ্যাশন মডেল হিসাবে শেষ পর্যন্ত স্থায়ী আসন করে নিতে পেরেছন এমন ‘তারকার’ সংখ্যা অবশ্য খুব একটা বেশি নয়। মডেল হিসাবে জনপ্রিয় হওয়ার দৌঁড়ে পিছনে পড়ে যাওয়া তরুণদের সংখ্য সেই তুলনায় অনেক অনেক বেশি।

এরপরও ঝলমলে এই জগতে নিরাপদ ‘ক্যারিয়ার’ গড়ার স্বপ্নে বিভোর তরুণ-তরুণীরা ২ হাজার কোটি টাকার এই শিল্পে নিজেদের ভবিষ্যত খুঁজে নিতে লড়ে যাচ্ছেন। তাদের সঙ্গে নিয়েই বছরে প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে বাংলাদেশের বিজ্ঞাপনী বাজার।     

ম্যাককন ওয়ার্ল্ডগ্রুপের স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেকটর ডেভ ম্যাককহানের ধারণা সত্যি হলে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের পর বাংলাদেশই হতে যাচ্ছে এশিয়ার উদীয়মান বিজ্ঞাপনী বাজার।   

বিপণন ও বিজ্ঞাপনী সেবা দেয়া যুক্তরাষ্ট্রের খ্যাতিমান এ প্রতিষ্ঠানের হয়ে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন ম্যাককহান।  

বাংলাদেশের বিজ্ঞাপনী বাজারের হাল হকিকত পর্যবেক্ষণের পর তিনি ঢাকার সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ এখন বিশ্বমানের বিজ্ঞাপন নির্মাণ করতে সক্ষম। সেই দক্ষতা ইতোমধ্যে বাংলাদেশ অর্জন করেছে।”

Image
Credit: Abu Naser

Credit: Abu Naser

ইদানিং চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসাবে দর্শকদের নজর কেড়েছেন সিরাজগঞ্জের মেয়ে নুসরাত বর্ষা। দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।

রিস্তা লাবনী সীমানা টেলিভিশন বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করছেন টিভি নাটকেও। অভিনয়ে জনপ্রিয়তা না পেলেও রুমাকে বিজ্ঞাপনে দেখা যাচ্ছে নিয়মিতই।   

লাক্স সুপারস্টার মেহজাবিন চৌধুরীও ইদানিং মডেলিংয়ের পথ ধরে হয়ে উঠেছেন দর্শকদের পরিচিত মুখ। রাজধানীর সড়কগুলোতে বড় বড় বিলবোর্ড থেকে আড়চোখে তাকিয়ে সাবানের প্রচার চালাচ্ছেন তিনি। 

হালের ফ্যাশন মডেল হিসাবে যাদের মানুষ বেশি চেনে, তাদের অধিকাংশেরই বয়স এখনো বিশের কোঠায়। তবে ত্রিশের ঘরের কেউ কেউ আছে, যারা শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছেন এখানো। স্পটলাইটের নিচে তাদের উজ্জ্বল মুখ আর সংবাদপত্রের পাতায় তাদের আর্থিক সাফল্যের খবর ফ্যাশন মডেল হতে আগ্রহী তরুণদের হাতছানি দিয়ে ডাকছে।     

তানভির হাবিব শুভর মতো কেউ কেউ আছেন, যারা মডেলিংয়ের পাশাপাশি ইনটেরিয়র ডিজাইনার হিসাবে কাজ করছেন। আর আমার মতো যারা বিজ্ঞাপনী জগতের দুয়ারে  সদ্য পা রেখেছে, এগিয়ে চলার রসদ যোগাতে মডেলিংয়ের পাশাপাশি তাদের খুঁজে নিতে হচ্ছে অন্য কোনো কাজ।   

ফ্যাশন মডেল হিসাবে আমার শুরু ২১ বছর বয়সে। ফ্যাশন হাউজ ‘যাত্রার’ সেই কাজের বিনিময়ে টাকা অথবা নতুন পোশাক- দুটোর মধ্যে একটি বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছিল আমাকে।

সেই থেকে আমার সেরা পোশাক আর সাজাসজ্জার সরঞ্জামগুলো ব্যাগে ভরে ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়িয়েছি আমি ফটোশুটের জন্য। মডেল হওয়ার বিনিময়ে কখনো আর্থিক সম্মানি পেয়েছি, কখনো পাইনি। কখনো আবার যাতায়াত খরচও ওঠেনি।   

সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, আর অভিজ্ঞতা শেখায় দরকষাকষির কৌশল। তবে মডেল হিসাবে শুরু থেকে এ পর্যন্ত খুব কম সহকর্মীকে আমি পেয়েছি, যারা নিজেদের অধিকারের বিষয়ে সচেতন।

এই সচেতনতায় অভাবেই অনেক ফ্যাশন মডেল তাদের ন্যায্য পাওনাটুকু আদায় করে নিতে পারেন না। তাদের শ্রমে যারা ব্যবসা করছে, তাদের কাছ থেকে ন্যূনতম ভাল ব্যবহারটুকু তারা অনেক সময় পান না।

আমাকেও কয়েকবার এ ধরনের অন্যায় আচরণের মুখোমুখী হতে হয়েছে, যা কিনা এই কাজে অহরহই ঘটে।  

বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে ধীরে ধীরে পেশাদারিত্ব গড়ে উঠতে শুরু করলেও কর্মপরিবেশের তেমন একটা উন্নতি ঘটেনি। তৈরি হয়নি কেনো মানদণ্ডও।

এক সময় অভিনয় ও বিজ্ঞাপন- দুই মাধ্যমেই সাফল্য পাওয়া ত্রপা মজুমদার বলেন, “গত এক দশকে আমাদের দেশে এই শিল্প আকৃতিতে অনেক বেড়েছে। অনেকগুলো হাউজ এসেছে, প্রতিযোগিতাও অনেক বেড়েছে। কাজের মানও বাড়ছে নিঃসন্দেহে। আর যারা এই অঙ্গনে কাজ করছে, তাদের মধ্যেও পেশাদারিত্ব বাড়ছে।”

ফ্যাশন মডেলদের বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি এখন আগের তুলনায় অনেক ইতিবাচক হলেও মডেলদের পারিশ্রমিক আর দর কষাকষির জায়গায় কেনো মানদণ্ড তৈরি না হওয়ার বিষয়টিকে ‘দুর্বলতা’ হিসাবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফ্যাশন ইন্ডাস্ট্রির নীতিমালা নির্ধারণ, কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পারিশ্রমিক ও নৈতিকতার বিষয়গুলো দেখভাল করার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা থাকা জরুরি। তা না হলে এই শিল্পকে আখেরে অনেক ভুগতে হবে।”

দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক এমসিএলের ইরতিজা ফারুক বলেন, “এই ব্যবসায় বিভিন্ন সময়ে যৌনতাকে পুঁজি করার অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রে যে এই অভিযোগ মিথ্যা- তা বলা যাবে না।

“তবে অনেক ক্ষেত্রেই তা অতিরঞ্জিত। সবাইকে এটা বুঝতে হবে যে নতুনরা তাদের নতুন নতুন আইডিয়া দিয়ে কাজের নতুন মান বেঁধে দিতে পারে।”

Image
Credit: Look

Credit: Look

তবে এই নতুনেরা যে দ্রুত পরিচিতি পাওয়ার চেষ্টায় নিজেদের কাজকে অনেক সময় ‘সস্তা’ করে ফেলেন, তা উঠে এসেছে নন্দিনী হোসেনের কথায়, যিনি গয়নাসহ বিভিন্ন বিলাসপণ্যের মডেল হিসাবে পরিচিতি পেয়েছেন।

নন্দিনী বলেন, “একজন মডেলকে অবশ্যই আত্মবিশ্বাস, পেশাদারিত্ব আর কাজের প্রতি নিষ্ঠা দেখিয়ে যেতে হবে। সে সমাজের যে অংশ থেকেই আসুক, আর সামনের প্রলোভন যতো লোভনীয়ই হোক- তাকে মনে রাখতে হবে, সফল হওয়ার কোনো শর্টকাট পথ নেই।”

এই মডেল বলেন, বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশেও বিজ্ঞাপন শিল্পের চকচকে গ্ল্যামারের উল্টো পিঠেই রয়েছে অন্ধকার। অন্য অনেক দেশের মতো এ দেশেও বিজ্ঞাপন শিল্পের নিয়ন্ত্রণ পুরোপুরি পুরুষদের হাতে।    

নারী মডেলদের অভিযোগ, পুরুষশাসিত এই ব্যবসায় অনেক ক্ষেত্রেই তাদের দাবিয়ে রাখা হয়। প্রভাবশালীরা নানাভাবে সুযোগ নেয়। প্রাপ্য আর্থিক সম্মানি থেকে বঞ্চিত হতে হয়, হতে হয় যৌন হয়রানির শিকার।

আর এ নিয়ে খুব বেশি কথা বলতে গেলে সমাজের রক্ষণশীলদের ক্ষেপিয়ে তোলার ঝুঁকি তৈরি হয়।  

[বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মী সামিন সাবাবা ফ্যাশন মডেল হিসাবেও কাজ করছেন।]