২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এলো ইউনিক্লো

জাপানের পোশাক নির্মাতা প্রতিষ্ঠান ‘ফাস্ট রিটেইলিং’, তাদের বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘ইউনিক্লো’র ২টি বিক্রয়কেন্দ্র খুলছে এদেশে। ৫ জুলাই থেকে রাজধানীতে দুটি বিক্রয়কেন্দ্রে তাদের পোশাক পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 03:54 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

১৫ জুন ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গ্রামীণ ইউনিক্লো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাদাহিরো ইয়ামাগুচি ও নির্বাহী কর্মকর্তা ইউকিহিরো নিত্তা।

২৩৪/২ নিউ এলিফ্যান্টরোড এবং ৪১/৮ ব্লক- সি বনশ্রীতে হবে বিক্রয়কেন্দ্র দুটি। উল্লেখ্য এই পণ্যগুলি ‘গ্রামীনইউনিক্লো’ নামে বাজারজাত করা হবে।

ফাস্ট রিটেইলিং ২০১০ সালের সেপ্টেম্বরে ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড এবং ২০১১ সালের আগস্ট মাসে গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্ট-এর সঙ্গে যৌথ উদ্যোগে গ্রামীণ ইউনিক্লো লিমিটেড গঠন করে। এই কার্যক্রমের আওতায় সামাজিক ব্যবসা পরিচালনার মাধ্যমে গ্রামাঞ্চলে এসব পোশাক ফেরি করে বিক্রি করা হত।

ঢাকায় বিক্রয়কেন্দ্র খোলার মধ্য দিয়ে ক্রেতাদের জন্য পছন্দসই পোশাক সরবরাহ করার পাশাপাশি মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে চায় গ্রামীণইউনিক্লো।

পরতে আরাম, নরম, প্রসারিত হয় তবে টেকসই- এ ধরনের পলিয়েস্টার বা পলিইউটারেনজাতীয় কৃত্রিম সুতা দিয়ে বৈচিত্র্যময় রং-বেরংয়ের পোশাক তৈরি করে সরবরাহ করবে তারা।

ইউনিক্লো সর্বাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ব্যবহার করে স্থানীয় বাজারে সুলভমূল্যে পণ্য বিক্রয় করতে চায়। এতে ক্রেতারা সুলভ মূল্যে মানসম্মত পোশাক পরার আনন্দ উপভোগ করতে পারবেন।

ছেলেদের ৩২ ধরনের ও মেয়েদের ১০ ধরনের পোশাক পাওয়া যাবে। মূল্য ১৯০ টাকা থেকে ১,১৯০ টাকা।

ছবি সৌজন্যে : গ্রামীনইউনিক্লো