২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওহ! ক্যালকাটা

ব্রিটিশ আমলে বহুদিন ভারতের রাজধানী থাকার কারণে কলকাতার বাঙালি খাবারে চলে এসেছে ব্যাপক পরিবর্তন। তৎকালিন ব্রিটিশ-ভারতের রাজধানীর পাশাপাশি বন্দর শহর হওয়ায় বহু বিদেশি সংস্কৃতির প্রভাবও পড়েছে কলকাতায়। তাছাড়া ব্রিটিশদেরও আগে থেকে চলে আসা মুঘল, নবাবি ও বনেদি বাঙালি জমিদারবাড়ির রান্না মিলে গেছে বাঙালির রন্ধনপ্রণালিতে। ঐতিহাসিক ও জাতিগত কারণে ঢাকাই প্রভাবও কম পড়েনি তাদের খাবারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 02:16 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

আর এসব খাবারের পসরা নিয়ে ঢাকার ভোজন রসিকদের কাছে হাজির হয়েছে ‘‌ওহ! ক্যালকাটা’।

বনানী ১১ নম্বর রোডের ৪৯ নম্বর বাড়ির লিফটের ৫ চাপলেই পৌঁছে যাবেন এই রেস্তোরাঁয়! ঢুকতেই অভ্যর্থনা কক্ষে সাঁটানো কাচে চোখে পড়বে কলকাতা শহরের নান্দনিক রেখাচিত্র। ভেতরে ছিমছাম সাজানো টেবিল-চেয়ার।

রেস্তোরাঁজুড়ে জানালাগুলোর নকশা মুহূর্তেই নিয়ে যাবে ব্রিটিশ ঔপনিবেশিক কলকাতার রোমান্সে। দেয়ালে চোখে পড়বে সত্যজিৎ রায়, মাদার তেরেসা অথবা অপুর সংসারের নববধু সাজে শর্মিলা ঠাকুরের সেই মন কেড়ে নেওয়া ছবি। তেমনি চোখে পড়বে ইন্দিরা-মুজিব চুক্তির ঐতিহাসিক ছবিটি।

খাবারের জন্য বা বন্ধুর আসার অপেক্ষায় আছেন? সে জন্য সময় কাটাতে রেস্তোরাঁর একপাশে কাচের আলমারিতেই পাবেন সমরেশ, সুনীল অথবা ঝুম্পা লাহিড়ীর বই। প্রায় ১০০ জনের বসার ব্যবস্থা আছে এই রেস্তোরাঁতে।

সেবা দেওয়ার জন্য আছে বাংলাদেশ ও কলকাতার প্রশিক্ষিত কর্মী। অতিথিদের আরও ভালো সেবা দিতে প্রায়ই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন রেস্তোরাঁর কর্তৃপক্ষ, জানালেন ম্যানেজার রানা পালিত। যিনি নিজেই হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রিধারী।

খাবারের মেন্যু যেন ইতিহাস ঘুরিয়ে নিয়ে আসবে। তালিকায় পুরোপুরি বাঙালি খাবার যেমন আছে,  তেমনই আছে বিভিন্ন জাতিগোষ্ঠীর খানাখাদ্য।

বাঙালির চিরায়ত কলার মোচার ঘণ্ট যেমন পাবেন তেমনি পাবেন ব্রিটিশদের উদ্ভাবিত স্মোকড ইলিশমাছ ও চিংড়ির কাটলেট, ঢাকাই মাছ-টিক্কা কিংবা মুর্শিদাবাদের নবাবি মুরগি-ফ্রাই। একইভাবে পাবেন চট্টগ্রামের মসলামাখা মুরগি।

মেন্যুতে আছে বেশ কয়েক ধরনের পাতুরি ও ভাপা খাবার। মাছ ও মাংস দুটোই আছে, যা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। আর তেলের ব্যবহার একেবারে নেই বললেই চলে। এছাড়া নিরামিষভোজীদের জন্য আছে প্রচুর আয়োজন।

তাদের ডাবচিংড়ি নামের একটি খাবারের পরিবেশন দেখে জিভে পানি আসবে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। কষা মাংস, কাঁচালংকা মুরগি বা আস্ত ভেটকি মাছ ভাতের সঙ্গে বেশ লাগবে। চাইলে লুচি, নানরুটি বা পরটাও নিতে পারবেন।

মিষ্টিমুখ করতে চাইলে বেছে নিতে পারেন মালপোয়া, পায়েশ, মিষ্টি দই অথবা রসগোল্লা।

পানীয় ভালো লাগবে ডাবকা ও আমপারা শরবত। এছাড়াও বেছে নিতে পারবেন বেশকিছু পানীয়।

সপ্তাহে ৭ দিনই বুফে পাওয়া যায় ৫৭৫ টাকায়। তবে সেটা শুধু দুপুরেই চলে। এর সঙ্গে যোগ করতে হবে শতকরা ১৫ টাকা হারে অতিরিক্ত সেবামূল্য। বুফেতে দিনভেদে ৩০ থেকে ৩৫ পদের খাবার পরিবেশন করা হয়। একঘেয়েমি কাটাবার জন্যই এ তারতম্য, জানালেন ম্যানেজার রানা পালিত।

রেস্তোরাঁতে এইসব সুস্বাদু খাবার রান্না করেন প্রশিক্ষিত চার ভারতীয় রন্ধনশিল্পী।

পাঁচ-কোর্স খাবার নিয়ে রাতের খাবার সারলে ২ জনের জন্য সেখানে খরচ পড়বে ২ হাজার টাকার মতো।