ইলশে কচু
মজার রান্নার রেসিপিটি দিয়েছেন রন্ধন শিল্পী নাজমা সেলিম
উপকরণ : পাতাসহ কচু শাক ৪ আঁটি। রসুন কুচি ২ টেবিল চামচ। পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ। কাঁচামরিচ ৮টি। শুকনো মরিচ ৪টি। ইলিশ মাছের পুরো মাথা ১টি (টুকরো করা)। তেল ২ টেবিল চামচ। কালিজিরা আধা চা চামচ। লবণ স্বাদমত
পদ্ধতি : শাক আঁটি থেকে আলাদা করে প্রতিটি পাতা চিকন ডালসহ আলাদা করে তুলতে হবে। ধুয়ে ছোট ছোট করে কেটে কড়াইতে ১ টেবিল চামচ রসুন, আদা, পেঁয়াজ দিয়ে সিদ্ধ বসিয়ে ঢেকে দিন।
যেহেতু কচু শাকে সহজে পানি টানে না, তাই বারবার কাঠের চামচ দিয়ে নাড়তে হবে। স্টিল বা পিতলের চামচ দিয়ে নাড়লে কালো হয়ে যায়।
সিদ্ধ হয়ে পানি টেনে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ঘুঁটে নাড়তে হবে।
আরেকটা পাত্রে তেল গরম করে এর মধ্যে বাকি রসুন পেঁয়াজ দিয়ে একটু নেড়ে এতে শুকনা মরিচ দিন। ঝাল বেশি খেতে চাইলে মরিচ ফালি করে দিতে হবে।
পেঁয়াজ বাদামি হলে কালিজিরা ছেড়েই ইলিশ মাছের মাথার টুকরাগুলো দিয়ে দিন। সঙ্গে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে অল্প আঁচে ঢেকে রাখতে হবে। মাথার টুকরোগুলো একটু ভাজা ভাজা হলে শাকটা ঢেলে দিন।
কাঁচামরিচ দিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে ইলিশ মাছের মাথাটা ভেঙ্গে না যায়। হালুয়ার মতো থকথকে ঘন হলে নামিয়ে ফেলুন।
সমন্বয়ে: ইশরাত জাহান মৌরি
