২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লোরিয়া জিন’স কফি

অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্লোরিয়া জিন’স কফির স্বাদ ঢাকাবাসীর জন্য নিয়ে এল নাভানা ফুডস। চমৎকার অন্দরসজ্জায় ও মনোরম পরিবেশে বিশ্বমানের কফির স্বাদে সময় কাটাতে চাইলে সোজা চলে যেতে পারেন গুলশান সাউথ অ্যাভিনিউর ৩৫ নম্বর বাড়িতে গ্লোরিয়া জিন’স কফি শপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 07:56 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

শুরুটা আমেরিকাতে হলেও পরে অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীরা এর স্বত্ব নিয়ে নেন। সেই থেকে তারা এই কফির স্বাদ বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় গ্লোরিয়া জিন’স এখন বাংলাদেশে।  

এই কফি শপে ঢুকতেই যে ব্যাপারটি চোখে পড়ে তা হল বেশ আরামদায়ক বসার ব্যবস্থা। ছোট টেবিলের পাশাপাশি বড় টেবিলও রয়েছে। যেখানে বন্ধুরা অথবা পরিবারের সবাই একসঙ্গে বসে কফির স্বাদে হারিয়ে যেতে পারেন! তবে কফির কদর যারা করেন, তাদের কাছে যে ব্যাপারটি ভালো লাগবে তা হল চার দেয়ালে আটকে থাকা কফির মোহনীয় ‌মাতাল করা সুঘ্রাণ।

এছাড়া বাইরে বসেও কফির স্বাদ উপভোগের জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা। কফি শপটির পেছনের অংশে গাছপালা আর ছোট বাঁশের বেড়া দিয়ে ঘেরা সবুজ পরিবেশে বসে বিশ্বখ্যাত বোস সাউন্ডসিস্টেমে সংগীত উপভোগ করতে পারবেন। ভেতর ও বাইরে মিলিয়ে ১৫০ জনের বসার ব্যবস্থা আছে।

বিভিন্ন ধরনের কফির দামগুলো হল- এসপ্রেসো ও মাকিয়াতো ১৩৯ টাকা। ক্যাপুচিনো ও লাটে ছোট ১৫২ টাকা, বড় ১৯২ টাকা। আমেরিকানো (ব্ল্যাক কফি) ছোট ১৩৯ টাকা, বড় ১৭৪ টাকা। গ্লোরিয়া জিন’সের কফি অফ দ্য ডে ছোট ১৩৯ টাকা, বড় ১৭৪ টাকা। এছাড়াও আছে কোল্ড কফি।

এছাড়াও পাবেন চা, হট চকলেট ও কিছু কোল্ড ড্রিংকস এবং সালাদ। খাবারের মধ্যে আছে ইটালিয়ান, কন্টিনেন্টাল ও ফিউশন খাবার।

গ্লোরিয়া জিন’স সকাল ৭টায় খোলে। তাই তাদের রয়েছে সকালের নাস্তার ব্যবস্থা। যেটার নাম তারা দিয়েছেন বিগ ব্রেকফাস্ট। এই নাস্তার মধ্যে আছে- ফ্রেঞ্চ ব্রেড সঙ্গে মাখন, স্ক্র্যাম্বলড এগ, চিকেন সসেজ, হ্যাশ ব্রাউন, গ্রিল্ড টমেটো ও বিফ স্ট্রিপ।

কিছুটা ভারি খাবার হিসেবে আছে স্প্যাগেটি বলোনেজ ও চিকেন স্প্যাগেটি। এছাড়াও আছে কয়েক ধরনের পাস্তা। আলিও-ই-ওলিও নামের পাস্তাটি চেখে দেখার মতো। আরও আছে মাশরুম রাইস উইথ হট সাওয়ার মিটবল। গ্রিক সালাদটা চেখে নিতে পারেন যদি আপনি স্বাস্থ্য সচেতন হন।

মাংস যারা পছন্দ করেন তাদের জন্য আছে ল্যাম্ব কাটলেট।

হালকা খাবার হিসেবে বেছে নিতে পারেন স্যান্ডউইচ। এরমধ্যে কারি বিফ, টুনা-পাইনঅ্যাপল, স্মোকড চিকেন, গ্রিল্ড ভেজিটেবল, বিফ স্টেক স্যান্ডউইচ উল্লেখযোগ্য। কিছু কম্বো মিল (কফি ও খাবার) পাবেন এখানে। মিষ্টিমুখ করার জন্য আছে কুকিজ ও পেস্ট্রি।

খাবারের মেন্যু ৫০ টাকা থেকে ৫০০ টাকা।

গ্লোরিয়া জিন’স এর প্রধান আকর্ষণ হল তাদের লা-মার্জোকো নামের কফি মেশিন। যেটি পৃথিবীর অন্যতম সেরা কফি তৈরির মেশিন হিসেবে পরিচিতি বলে জানান, গ্লোরিয়া জিন’সের ব্যবস্থাপক মোরশেদ এলাহী।

ছবি সৌজন্যে : গ্লোরিয়া জিন’স