২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশের ফুল

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এস্টোরিয়ায় মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক ও আলোকচিত্রী মোকারম হোসেনের ‘বাংলাদেশের ফুল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল। এতে বাংলাদেশের সম্পূর্ণ নিজস্ব ও মনোমুগ্ধকর ২৫টি ফুলের আলোকচিত্র স্থান পায়।

ওমর শরীফ

পল্লব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 10:24 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

প্রদর্শনী উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএম আবদুল মোমেন, কবি নির্মলেন্দু গুণ, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তধারার বিশ্বজিৎ সাহাসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

প্রদর্শনীর প্রচারপত্রে উদ্ভিদতত্ত্ববিদ প্রফেসর দ্বীজেন শর্মা শুভকামনা জানিয়েছেন। তিনি লিখেছেন-- সম্ভবত এবারই প্রথম একজন প্রকৃতিবিদকে বাংলার সমৃদ্ধ ফুলের ছবি প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

২৪ থেকে ২৬ মে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে আসা অসংখ্য মানুষ বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ ফুলের ছবি দেখে মুগ্ধ হন।

ফুলের ছবিগুলোর মধ্যে আছে সর্ষে, পলাশ, পারিজাত, অশোক, নীলমনি, মাধবী, আকরকান্তা, কনকচাঁপা, শিমুল, জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, কেয়া, কামিনি, কদম, মালতী, শাপলা, স্বর্ণঅশোক, বকুল ও বরুণ।

তিনদিনের এই আলোকচিত্র প্রদর্শনীটি মোকারম হোসেনের প্রথম আলোকচিত্র প্রদর্শনী।

এই আলোকচিত্রী গাছপালার ছবি তোলার জন্য দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এছাড়াও তিনি বৃক্ষপ্রেমীদের সংগঠন তরুপল্লবের সাধারণ সম্পাদক।