নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ে তারেক মাসুদের চলচ্চিত্র
নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অব আর্টস-এ প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ নির্মিত সবগুলো সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ এপ্রিল। এতে তার নির্মিত মোট ১২ টি চলচ্চিত্র দেখানোর পাশাপাশি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে তারেক মাসুদের সর্বশেষ চলচ্চিত্র ‘রানওয়ে’র প্রধান সহকারী পরিচালক প্রসুন রহমান গ্লিটজকে বলেন, ‘এই আয়োজনে অংশ নিতে ক্যাথরিন মাসুদ এখন নিউ ইর্য়কে অবস্থান করছেন। তারেক মাসুদের সবগুলো সিনেমাই প্রদর্শিত হচ্ছে। সেদিক থেকে এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’
এদিকে তারেক মাসুদের ওয়েব পেইজে প্রকাশ করা তথ্য থেকে জানা গেছে, ১৩ এপ্রিল শনিবার ১২ টা ৫ মিনিটে এর উদ্বোধন হবে। এতে উপস্থিত থাকবেন সুখদেব সাধু ও ক্যাথরিন মাসুদ। এরপর ১২ টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে চিত্রকর এসএম সুলতানকে নিয়ে চলচ্চিত্র ‘আদম সুরত’, অ্যানিমেটেড সিনেমা ‘ইউনিসন’ এবং ‘মুক্তির গান’। আয়োজনের দ্বিতীয়াংশে দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘সে’, তথ্যচিত্র ‘মুক্তির কথা’, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্তর্যাত্রা’।
১৪ এপ্রিল প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’, তথ্যচিত্র ‘নারীর কথা’, শ্রমজীবী শিশুদের নিয়ে ‘কাইন্ড অব চাইল্ডহুড’। এরপরে অনুষ্ঠিত হবে প্যানেল ডিসকাশন। এতে আলোচনা করবেন প্রফেসর রির্চাড পেনা, ডেনিস ডোরোস/ অ্যামি হেলার, প্রফেসর দিনা সিদ্দিকী, ক্যাথরিন মাসুদ ও নাঈম মোহাইমেন। এরপর প্রদর্শিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি নিয়ে একটি ভিডিও গান ‘একুশ’, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রানওয়ে’ এবং সর্বশেষে দেখানো হবে ‘মাটির ময়না’।
