২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতিত নারীদের নিয়ে ‘ইস্পাতের কান্না’

এসিড সন্ত্রাসের মত জঘন্য অপরাধের শিকার হয়েও নারীরা ভাল ভাবে বাঁচার স্বপ্ন দেখেন। রাজধানীর কয়েকটি বস্তি ও পুনর্বাসন কেন্দ্রের এমন নারীদের জীবন ব্যবস্থা নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘ইস্পাতের কান্না’। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) একদল শিক্ষার্থী এই তথ্যচিত্র নির্মাণ করছেন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 01:58 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

তথ্যচিত্রের জন্য শিক্ষার্থীরা এরই মধ্যে মিরপুরের লালকুঠি, চলন্তিকা, কল্যাণপুরের পোড়া বস্তিসহ কয়েকটি বস্তি ও পুনর্বাসন কেন্দ্র ঘুরে ভিডিওচিত্র সংগ্রহ করেছেন। এখন চলছে সম্পাদনার কাজ। বেসরকারি উন্নয়ন সংস্থা তরঙ্গের সহযোগিতায় নির্মিত এই তথ্যচিত্র দেশের বিভিন্ন স্থানে প্রদর্শনীসহ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

ইউল্যাবের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের ‘ভিডিও কমিউনিকেশন’ কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা এই তথ্যচিত্র নির্মাণ করছেন। ইস্পাতের কান্না নির্মিত হচ্ছে ইউল্যাবের সিনিয়র লেকচারার ও তথ্যচিত্র নির্মাতা মুহাম্মদ সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে।

ইস্পাতের কান্না নিয়ে তিনি বলেন, ‘বস্তিতে নারীরা কেন নির্যাতিত হচ্ছেন এবং এসিড সন্ত্রাসের শিকার নারীরা কিভাবে নানা পেশায় যুক্ত হয়ে নিজেদের ব্যক্তিসত্তাকে নতুনভাবে আবিষ্কার করছেন তা তথ্যচিত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে। আসছে এপ্রিলেই তথ্যচিত্রটি দেখা যাবে।’