২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী আইডলের মূল পর্বে ১২০ প্রতিযোগী

পহেলা এপ্রিল থেকে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার বিচারকের মুখোমুখি হচ্ছেন সারা দেশের বাছাই করা প্রতিযোগীরা। আয়োজকরা জানিয়েছেন, ‘বিচারকের মুখোমুখি’ শীর্ষক এই রাউন্ড চলবে চলতি মাসের আট তারিখ পর্যন্ত। এখান থেকে বিচারকরা বাছাই করবেন ১২০ জন চূড়ান্ত প্রতিযোগীকে যারা প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশী আইডলের মূল প্রতিযোগিতায় অংশ নেবেন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 02:38 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে জানিয়েছে, ঢাকা বিভাগের মধ্য দিয়ে বাংলাদেশী আইডলের আঞ্চলিক অডিশন শেষ হলো গেলো সপ্তাহে। দেশের নয়টি অঞ্চলের এই আঞ্চলিক যাত্রায় অভিজ্ঞ প্রি-কাস্টার প্যানেল প্রাথমিকভাবে নির্বাচন করেন অসংখ্য প্রতিযোগী। সারাদেশ থেকে বাছাই করা সেই প্রতিযোগীরা এবার মুখোমুখি হচ্ছেন চার বিচারকের। বিচারকরা হলেন সিনিয়র কণ্ঠশিল্পী ফেরদৌসি রহমান, এন্ড্রু কিশোর, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও পপশিল্পী মেহরীন।

ডেল্টা বে’র ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল জানান, আঞ্চলিক অডিশন সফলভাবে শেষ করে আমরা এখন বিচারকের মুখোমুখি হয়েছি। এখান থেকে মূল ১২০ প্রতিযোগীকে নিয়েই আমরা বাংলাদেশী আইডলের গাড়ি নিয়ে মহাসড়কে উঠবো। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশী আইডল এসএ টিভির পর্দায় দেখা যাবে।

চলমান এই রাউন্ড প্রসঙ্গে বিচারক আইয়ুব বাচ্চু বলেন, আমি এর আগেও বেশ ক’টি রিয়েলিটি শো’র সঙ্গে ছিলাম। তবে এবারের অভিজ্ঞতাটা একটু ভিন্ন। ভিন্নতার কারণ এখানে আমরা যা কিছু করছি আর যা কিছু হচ্ছে- তার সবটাই আন্তর্জাতিক মানদ- অনুযায়ী যেটার অভাব আমরা বরাবরই বোধ করি এসব বড় আয়োজনে।

এদিকে মেহরীন বলেন, ‘গেলো চারদিনে অনেক অনেক ভোকাল ট্যালেন্ট পেয়েছি আমরা। সত্যি বলতে এতো প্রতিভার মধ্য থেকে ১২০ জনকে বাছাই করা খুব মুশকিল। আমাদের টেনশন সেখানেই।’