স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’
‘মাস্টার অব মাইম’ খ্যাত মার্সেল মার্সোর ৯০তম জন্মবার্র্ষিকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উপলক্ষে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। ‘আরব্য রজনী’র অমর গাঁথা ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনীর পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ কাহিনীটি সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্যে ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর।’ জানান তিনি।
তিনি আরো বলেন, ‘মাইমোড্রামা জাদুর প্রদীপ মঞ্চায়নের ক্ষেত্রে স্বপ্নদলের প্রত্যাশা প্রচলিত নাট্যচর্চার বিপরীতে দর্শককে নতুন অভিজ্ঞতার আনন্দ প্রদান, অভিনেতার শারীরিক সম্ভাবনার অন্তহীন যাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাষা হিসেবে থিয়েটারের সম্ভাবনা যাচাই এবং প্রয়োজনীয় সকল উৎসমুখ বিদ্যমান থাকা সত্ত্বেও বাংলার নিজস্ব মূকাভিনয়রীতির ধারাবাহিকতা বজায় না থাকার ঐতিহাসিক দায় কিছুটা হলেও মোচন। প্রকৃতপক্ষে এ প্রযোজনায় ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাংলা মূকাভিনয়রীতি’ নির্মাণের ব্যবহারিক গবেষণাই অন্যতম উদ্দেশ্য ছিল।’
জাদুর প্রদীপ মাইমোড্রামায় অভিনয় করছেন সুকন্যা, মনির, রেজাউল, আল-আমিন, শাহীন, সোনালী, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, শাওন, মনি, আলো, মাধুরী, নাবলু, মাসুদ, জাহিদ প্রমুখ।
