২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

 নাটোরে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’

কৃষি উন্নয়ন বিষয়ক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষে’র উদ্যোগে ২২ মার্চ শুক্রবার সন্ধ্যায় নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার ছয় হাজার কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে প্রাক বাজেট আলোচনা। এর সঞ্চালনা ও পরিচালনা করেন শাইখ সিরাজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 02:12 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

এ বছর নবমবারের মতো জাতীয় বাজেটের কৃষিখাতের নীতি ও পরিকল্পনার সঙ্গে দেশের কৃষকদের সম্পৃক্ত করার কার্যক্রম ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ অনুষ্ঠিত হয়েছে নাটোরের শংকরভাগে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, বীজের ক্ষেত্রে কৃষক বহুদিন ধরেই প্রতারণার শিকার হচ্ছেন। এই প্রতারণা যাতে বন্ধ হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবসম্মত ব্যবস্থাগ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, কৃষকদের সমবায়ভিত্তিক বাজারব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে চলেছে সরকার।

তিনি আগামীতে চিনির উৎপাদন বৃদ্ধিসাপেক্ষে আখের মূল্য বৃদ্ধি, কৃষিযন্ত্রে সরকারি ভর্তূকি বাড়ানো, খাল ও নদী খননের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করার প্রতিশ্রুতি দেন। তিনি সর্বস্তরের কৃষক ও খামারিদের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে যেকোন রাজনৈতিক কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে কৃষি ও খাদ্যনিরাপত্তা ব্যবস্থা কোনভাবে যাতে ব্যহত না হয় সেদিকে রাজনৈতিক নেতৃবৃন্দকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে।

কৃষিপণ্য, কৃষিশিল্প পণ্য, মাছ, দুধ ও প্রাণী সম্পদের সঙ্গে সংশিষ্ট পণ্য ও উপকরণ, সার, বীজ, কীটনাশক, জ্বালানী তেল ইত্যাদি পরিবহন ও সরবরাহ এবং এসব পণ্যের আড়ৎ ও দোকান হরতাল ধর্মঘটের আওতামুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন উপস্থিত কৃষক ও খামারিরা।

এর আগে জনসাধারণ মন্ত্রীর কাছে তাদের দাবি ও বক্তব্য তুলে ধরেন। তারা বীজ, সার ও কীটনাশকের ভেজাল ও প্রতারণা থেকে কৃষকের পরিত্রাণ দাবি করেন। তারা সকল ফসলের মূল্য নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে কৃষিশিল্পের প্রসার ঘটানোর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মৎস্য চাষীরা অন্যান্য বছরগুলোর মতো এবারও মাছ চাষে ভূমিকর ও বিদ্যুৎ বিল কৃষিখাতের হিসেবে নেওয়ার দাবি জানিয়েছেন।

এতে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক এডভাকেট সাজেদুর রহমান, জেলা প্রশাসক মো. জাফরউল্লাহসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, মৎস্য বিভাগ, প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা, নাটোর সুগার মিল কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।