২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রং তুলিতে মুক্তিযুদ্ধ

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 11:27 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

চ্যানেল আইয়ের আয়োজনে এবারও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রাংকন অনুষ্ঠান ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে। চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চ থেকে পরিবেশিত হবে দেশের গান, পরিবেশন  করবেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ নবীন-প্রবীণ শিল্পীবৃন্দ। এছাড়াও থাকবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতার আবৃত্তি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলবে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার।

২৪ মার্চ দুপুরে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, খ্যাতিমান শিল্পী হাশেম খান ও অনুষ্ঠানের উপস্থাপক আফজাল হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় দেশের প্রায় ৪০ জন বরেণ্য চিত্রশিল্পী চিত্রাংকনে অংশ নেবেন। আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে গ্যালারী চিত্রক। থাকবেন খেতাবধারী মুক্তিযোদ্ধারা। চিত্রাংকন বিক্রির অর্থ থেকে সরাসরি ৫০ ভাগ প্রদান করা হবে খেতাবধারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরে।

আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ২৬ মার্চ দুপুর ৩.০৫ মিনিট থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা  করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।