২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচ্যনাট নাট্যমেলা

২১ মার্চ বিকেল ৫টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে প্রাচ্যনাট নাট্যমেলার আয়োজন। উদ্বোধন করবেন বাংলাদেশের নাট্যকর্মীদের মায়েরা। ১৯ মার্চ বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 10:11 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

নাট্যমেলায় প্রাচ্যনাটসহ ঢাকা থিয়েটার, আরণ্যক, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, প্রাঙ্গণে মোর, সুবচন নাট্য সংসদ, নাট্যকেন্দ্রের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ হলে এসব দলের নাটক প্রদর্শিত হবে। প্রতিদিনই নাটক প্রদর্শনীর আগে বিকেলে জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে থাকছে সঙ্গীত আয়োজন। অংশ নেবে প্রাচ্যনাট, সিএমএ অর্কেস্ট্রা, স্পর্শ ক্লাসিক্যাল ইন্সট্রুমেন্টাল অর্কেস্ট্রা। এছাড়াও থাকবে- সঞ্জয় চক্রবর্তী, সালেহ মাহমুদ, হারুন অর রশীদ টুটুল, তেজস হালদার জস ও ফারহানাজ মুনের পারফর্মিং আর্ট ।

উৎসব কার্যক্রমে রয়েছে, প্রতি সন্ধ্যায় প্রতি নাটক মঞ্চায়নের পূর্বে একজন নাট্যকর্মীকে  উত্তরীয় প্রদান। ভ্যালেরি এ টেইলর, ড. এডরিক বেকার, ব্রাদার লুসিও বেনেতিত, ব্রাদার ফ্রাঙ্ক, হিরোকি ও মায়েসহ দশজন বিদেশি বন্ধুকে সম্মাননা প্রদান করবে প্রাচ্যনাট।

উৎসব আয়োজনের অংশ হিসেবে ২৫ মার্চ প্রাচ্যনাটের নিয়মিত প্রযোজনা ‘লালযাত্রা’ অনুষ্ঠিত হবে। তবে এবারের পথটা একটু পরিবর্তন করা হয়েছে উৎসবের খাতিরে। আগের বছরগুলোতে লালযাত্রা শুরু হতো শাহবাগের ছবির হাটে আর শেষ হতো অপরাজেয় বাংলায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে। এবার লালযাত্রা শুরু হবে ছবির হাটে তারপর প্রজন্ম চত্বর হয়ে শেষ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে, সাথে থাকবে দেশের গান। আর ২৬ মার্চ বিশেষ দিনের আয়োজন হিসেবে প্রাচ্যনাট ল্যাব উপস্থাপন করবে ভোমরা। সেদিনই ফায়ার ওয়ার্ক ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হবে ‘প্রাচ্যনাট নাট্যমেলা-২০১৩’।

উল্লেখ্য, ১৯৯৭ সালে জন্ম নেওয়া ‘প্রাচ্যনাট’ পনেরো বছর পূর্তি করেছিল ২০১২ সালে। এ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘অন্দরযাত্রা’, ‘পথনাট্যোৎসব’, ‘কর্মশালা’সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারই শেষ নিবেদন ‘প্রাচ্যনাট নাট্যমেলা-২০১৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজিত নাট্যমেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত।