২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনুষ্ঠানিক সম্প্রচারে রেডিও স্বাধীন

আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে দেশের নবীনতম এফএম রেডিও স্টেশন রেডিও স্বাধীন। এফএম ৯২ দশমিক ৪ চ্যানেলে বুধবার থেকে শুরু হলো এর যাত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাজী শাহরিন হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার বনানীতে এশিয়াটিক সেন্টারে ছোট পরিসরে বর্ণিল এক অনুষ্ঠানের মাধ্যমে রেডিও স্টেশনটির উদ্বোধন ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম গণতন্ত্রের দর্পণ বা আয়না। গণতন্ত্র কতোটুকু ভালো, কতোটুকু অপরিষ্কার, তার প্রতিফলন ঘটায় গণমাধ্যম। ফলে গণমাধ্যমের দায়িত্ব গণতন্ত্রকে স্বচ্ছ্ব, জবাবদিহিমূলক, গঠনমূলক এবং অংশগ্রহণমূলক রাখা। তাই গণমাধ্যমের মধ্যে প্রতিযোগিতা গণতন্ত্রের জন্য সবসময়ই জরুরি। প্রতিযোগিতা গণমাধ্যমকে সঠিক পথে পরিচালিত করে।

তিনি আরো বলেন, যারা তথ্য নিয়ে কাজ করবেন তাদের মনে রাখা উচিত তথ্য কোনো পণ্য নয়। তথ্য একটি সামাজিক ব্যাপার। সঠিক তথ্য তুলে ধরার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অনুষ্ঠানে রেডিও স্বাধীনের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের বলেন, রেডিও স্বাধীনের সম্পূর্ণ পরিচালনায় যারা আছেন তারা সবাই তরুণ প্রজন্মের। তারুণ্যের যেমন আছে উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস, তেমনি আছে শক্তি, প্রত্যয়, ভিন্ন ভাবনা।

তিনি বলেন, “আমরা আশা করছি রেডিও স্বাধীন হবে সেই তারুণ্যের কণ্ঠ, যা আমাদের চিরাচরিত ভাবনাকে চ্যালেঞ্জ করবে প্রতিনিয়ত। আমরা আশা করছি এর কণ্ঠ হবে শুধু তারুণ্যের নয়, বরং চিন্তাশীল তারুণ্যের। যে তরুণ চিন্তা করে, ভাবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেয়।”

‘রাইজ আপ’ বা ‘জেগে ওঠো’ স্লোগান নিয়ে রেডিও স্বাধীনের সারাদিনের অনুষ্ঠানগুলো ভাগ করা হয়েছে নয়টি ভাগে। ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত ‘ক্যাফেইন’, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ‘হুইলস’, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘শ্রেয়সী’, বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ‘বস ব্রেক’, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘জেন’, ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ‘বোমবাস্টিক’, রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ক্যারাভান’, রা ১১টা থেকে ‘আনকাট স্বাধীন’ এবং রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘ড্রিম’ শিরোনামে প্রচারিত হবে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ বিপণন যোগাযোগ সংস্থা এশিয়াটিক গ্রুপ অব কোম্পানিজের সর্বকনিষ্ঠ সদস্য রেডিও স্বাধীনের স্টেশন প্রধানের দায়িত্বে রয়েছেন শ্রিয়া সর্বজয়া ও মীর ফজলে রাব্বি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবা রাণী সাহা, এশিয়াটিক থ্রি সিক্সটি’র গ্রুপ চেয়ারম্যান আলী যাকের, পরিচালক আসাদুজ্জামান নূর, নির্বাহী পরিচালক নেভিল ফেরদেওস হাসান এবং ইরেশ যাকের।