প্রাচ্যনাট নাট্যমেলায় ‘দ্য টেম্পেস্ট’
ঢাকা থিয়েটারের প্রযোজনা ‘দ্য টেম্পেস্ট’ ২১ মার্চ প্রাচ্যনাট নাট্যমেলার উদ্বোধনী দিনে মঞ্চস্থ হতে যাচ্ছে। শেক্সপিয়ারের নাটক ‘দ্য টেম্পেস্ট’ বাংলায় রূপান্তর করেছেন রুবাইয়াৎ আহমেদ। এটির পরিকল্পক ও নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ।
এ বিষয়ে ঢাকা থিয়েটারের পক্ষে রুবাইয়াৎ বলেন, গ্লোব থিয়েটার, ব্যাঙ্গালোরের রঙ্গশংকরা, কলকাতার নান্দীকার প্রভৃতি নাট্যদলের আমন্ত্রণেএই প্রযোজনাটি মঞ্চায়িত হওয়ার পর বাংলা একাডেমীর মিলনায়তনের মঞ্চটি ‘দ্য টেম্পেস্ট’ নাটকের প্রদর্শনীর মধ্য দিয়েই যাত্রা শুরু করেছে। পাশাপাশি বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে মঞ্চায়িত ‘দ্য টেম্পেস্ট’ প্রথমবারের মতো ওই সমুদ্রসৈকত থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত কোন নাটকের মর্যাদাও অর্জন করেছে। এবারে আমাদের এই প্রযোজনাটি দিয়ে শুরু হচ্ছে প্রাচ্যনাট নাট্যমেলার।
তিনি আরো বলেন, ‘হাজার বছর ধরে এই ভূখ-ের কবিগণ তাঁদের নাট্যমূলক ক্রিয়া পরিবেশন করে আসছেন পাঁচালি নামক এক বিশেষ শিল্পাঙ্গিকের মাধ্যমে। আধুনিক সময়ে নাট্যাচার্য সেলিম আল দীন সেই ঐতিহ্যবাহী আঙ্গিককে পুনর্নির্মাণ করেন। আমিও অগ্রসর হয়েছি সেই পথেই। দ্য টেম্পেস্ট নাটকটিকে বিন্যস্ত করেছি পাঁচালির সার্বভৌম আঙ্গিকে, যাকে আমরা চিহ্নিত করি নব্যপাঁচালি অভিধায়। এ ক্ষেত্রে আমার বিবেচনা এই যে, বাংলার ঐতিহ্যবাহী নাট্যাঙ্গিকের সেই শক্তি রয়েছে, যে কোনো শিল্পকে যা আত্মস্থ করতে সক্ষম। দ্য টেম্পেস্টর অনুবাদ ও রূপান্তরে সেই বিশ্বাসলব্ধ নিরীক্ষাই প্রতিফলিত হয়েছে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমূল ইউসুফ, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম, চন্দন চৌধুরী, খাইরুল ইসলাম পাখি, রুবল লোদী, এশা ইউসুফ, সামিউন জাহান দোলা, রুবাইয়াৎ আহমেদ, সাজ্জাদ রাজীব, রফিকুল ইসলাম, নীলমনি সিনহা, বিধান সিনহা।
