পহেলা বৈশাখে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’র অ্যালবাম
নির্মাণাধীন চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’র গানের অডিও অ্যালবাম প্রকাশিত হচ্ছে পহেলা বৈশাখে। রুম্মান রশীদ খানের কাহিনী ও চিত্রনাট্য থেকে সাফিউদ্দিন সাফি পরিচালিত সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষের দিকে বলে জানা গেছে।
এ বিষয়ে রুম্মান গ্লিটজকে বলেন, এরই মধ্যে সিনেমার গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। এখন আরো কিছু কম্পোজিশনের কাজ চলছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন। তিনি কাজ শেষ করে এনেছেন। বৈশাখের প্রথম দিন থেকে অ্যালবামটি বাজারে পাওয়া যাবে।
রুম্মান আরো বলেন, ‘দুই একদিনের মধ্যেই আমরা অডিও অ্যালবাম প্রকাশক কোন একটি কোম্পানির সঙ্গে চুক্তি করবো।’
অ্যালবামটিতে মোট গান থাকছে ৬ টি। কবির বকুলের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, দিনাত জাহান মুন্নি, মুহিন, কিশোর, সোনিয়া, ন্যান্সি ও রন্টি দাস। গানগুলোর পাশাপাশি ইন্সট্রুমেন্টাল মিউজিকও থাকছে এতে।
এদিকে রুম্মান জানিয়েছেন, ১৬ মার্চ ভারত গেছেন জয়া আহসান। সেখানে কবির বকুলের লেখা, শওকত আলী ইমনের সুরে ন্যান্সির গাওয়া ‘আকাশ হতে আমি চাই’ শিরোনামের গানের দৃশ্যধারণের কাজ চলছে। গানটির নৃত্য পরিচালনা করছেন বলিউডের নৃত্য পরিচালক জেমস অ্যান্থনি। কলকাতা এবং মুম্বাইয়ে গানের চিত্রায়ণ শেষে ১৯ মার্চ দেশে ফিরবেন জয়া। এর আগে মালয়েশিয়ায় ওই গানটিরই বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছিল।
তিনি আরো জানান, এ গানের চিত্রায়ণ হলেই সিনেমার কাজ ৯৫ ভাগ শেষ হয়ে যাবে। সিনেমাটি মুুক্তি পাবে মে মাসে।
