প্রাণে বেঁচে গেলেন বাপ্পি
‘প্রেম প্রেম পাগলামী’ সিনেমার শুটিং চলাকালে ১৬ মার্চ একটুর জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা বাপ্পি।
শনিবার বেলা ২ টায় নরসিংদীর ঘোড়াশালে শীতলা নদীর তীরবর্তী রেল সেতুর উপর শুটিং চলছিল ‘প্রেম প্রেম পাগলামী’ সিনেমার। একটি দৃশ্যে তখন অভিনয় করছিলেন সিনেমার কেন্দ্রিয় চরিত্রের অভিনেতা বাপ্পি এবং অভিনেত্রী আঁচল। এমন সময় সবার অজান্তে রেললাইন দিয়ে দ্রুতগতিতে একটি ট্রেন চলে আসে। সিনেমার স্ক্রিপ্ট বহির্ভূত এই দৃশ্যে হতবাক হয়ে যান বাপ্পি ও আঁচল। সে সময় আঁচল দৌড়ে রেললাইন থেকে সরে যান। তবে কিংকর্তব্যবিমূঢ় বাপ্পি কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি তার কাছাকাছি চলে আসে। তিনি ট্রেনের সামনে থেকে সরতে না পারলেও স্লিপারের ফাঁক দিয়ে নীচে ঝুলে পড়েন এবং ট্রেনটি পার হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি স্লিপার ধরে ঝুলে থাকেন।
এ বিষয়ে বাপ্পি গ্লিটজকে বলেন, ‘ট্রেন এত কাছাকাছি এসে পৌঁছেছিল, দৌড় বা লাফ দিয়ে নীচে পড়লে নিশ্চিত মৃত্যু। তাই লাইনের সিøপারের কাঠ ধরে ঝুলে পড়লাম আর ট্রেনটা আমার উপর দিয়ে চলে গেল।’
ঢাকার পথে থাকা বাপ্পি জানান, ‘এতে আমি শরীরের কোথাও আঘাত পাইনি। তবে খুব ভয় পেয়েছিলাম। এ যাত্রায় আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় বেঁচে গেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।’
সিনেমাটিং শুটিং ইউনিট রোববার সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেবে। সেখানে বিভিন্ন লোকেশনে এর পরবর্তী দৃশ্যগুলো ধারণ করা হবে।
