২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ পুতুলনাট্য শিল্পীকে শিল্পকলার সম্মাননা

পুতুলনাট্য উৎসব ও বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষে দেশের ৩ গুণী পুতুলনাট্য শিল্পীকে সম্মাননা জানাবে বাংলাদেশে শিল্পকলা একাডেমী। সম্মাননা প্রাপ্ত শিল্পীরা হলেন ব্রাক্ষ্মণবাড়িয়ার শিল্পী ধনমিয়া (মরণোত্তর), সাতক্ষীরার জরিনা বেগম এবং মানিকগঞ্জের বলরাম রাজবংশী, মানিকগঞ্জ। ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত তিনদিনের পুতুল নাট্যৎসবের আয়োজন করেছে শিল্পকলা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

এ বিষয়ে শিল্পকলা একাডেমীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী পুতুলনাট্য উৎসব ও বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষে দেশের ৩জন গুণী পুতুলনাট্য শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে। এক্ষেত্রে বিশিষ্ট ৩জন গুণী পুতুলনাট্য শিল্পী নির্বাচনের লক্ষে প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারকে আহ্বায়ক করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীকে সদস্য করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য ছিলেন রামেন্দু মজুমদার, সভাপতি, বিশ্ব আইটিআই, ড. ইসরাফিল শাহীন, অধ্যাপক, নাট্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. রশীদ হারুন, অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বেগম সারা আরা মাহমুদ, পরিচালক, নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ।

১৮ মার্চ  বিকেল ৫ টা ৩০ মিনিটে একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ।

এছাড়া উৎসবকে সার্থক করতে বাংলাদেশের লুপ্তপ্রায় এই শিল্পমাধ্যমে চর্চারত পুতুলনাট্য শিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ৬ দিনব্যপী কর্মশালার আয়োজন করা হয়েছে। ওই কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৪২ জন পুতুলনাট্য শিল্পী অংশগ্রহণ করছেন। এ কর্মশালায় প্রশিক্ষ দিচ্ছেন মুস্তাফা মনোয়ার, (পুতুলনাট্যের নন্দনতত্ত্ব), রশীদ হারুন, (গল্প বলা) এবং কিরীটি রঞ্জন, (মেকিং) এছাড়াও সহকারী প্রশিক্ষক হিসেবে থাকবেন বলরাম রাজবংশী ও সুরুজ মিয়া।