২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যাকবেথ’এর উদ্বোধনী মঞ্চায়ন

দলের ৩৫ তম প্রযোজনা হিসেবে পদাতিক নাট্য সংসদ মঞ্চে আনছে উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটক। ১৬ মার্চ, শনিবার সন্ধ্যা ৭টায় নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 02:56 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

সৈয়দ শামসুল হকের অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। কস্টিউম করেছেন ওয়াহিদা মল্লিক জলি এবং সংগীত পরিচালনা করেছেন শিশির রহমান।

নাটকটিতে ম্যাকবেথ চরিত্রে অভিনয় করবেন শিমুল এবং লেডি ম্যাকবেথ চরিত্রে সামছি আরা সায়েকা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জয়, জনি, রাসেল, সাগর, জুয়েল, মশিউর, ইকরাম, শুভ, নাজিম, তন্ময় এবং ওয়ালিদ। নাটকের কস্টিউম, লাইট এবং নির্দেশনায় সহযোগী হিসেবে কাজ করছেন নিলা সাহা, ইফাত আরা, আতিক জয় এবং সঞ্জিব কুমার দে।

নির্দেশক সুদীপ চক্রবর্তী বলেন, ‘এবারের নির্দেশনায় বৈচিত্র্য আনতে চেষ্টা করেছি। সেটা দর্শক দেখতে পাবেন সেটের বিন্যাসে। ‘ম্যাকবেথ’ নাটকের বেশ কয়েকটি অনুবাদ থাকলেও শব্দের শক্তিশালী গাঁথুনির জন্য বেছে নিয়েছি সৈয়দ শামসুল হকের অনুবাদকে। টানা সাড়ে তিনমাস নাটকটি নিয়ে কাজ করেছি। এখন দর্শকের রায় পেলে বুঝতে পারব পরিশ্রম কতটা সার্থক হয়েছে।’

নাটকটি সম্পর্কে পদাতিক নট্য সংসদের সাধারণ সম্পাদক সায়েম সামাদ বলেন ‘পদাতিক সময় উপযোগী নাটক মঞ্চে আনার চেষ্টা করে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ম্যাকবেথ যথোপযুক্ত প্রযোজনা বলে আমি মনে করি।’