‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’
যুদ্ধাপরাধী জামাত-শিবির কর্তৃক সারা দেশে সহিংসতার প্রতিবাদে ১৪ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ শীর্ষক গণজাগরণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। দেশের প্রতিটি বিভাগে একই দিনে একই সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আয়োজক প্রতিষ্ঠানের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী গ্লিটজকে বলেন, দেশের বিদ্যমান সহিংস পরিস্থিতির বিরুদ্ধে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রুপ থিয়েটার ফেডারেশান কর্তৃক নির্মিত ৬টি গণজাগরণের নাটক ‘শাহবাগ বিদ্রোহ’, ‘এফিডেবিট’, ‘এখানে ৪২ বছর ধরে ক্ষতিগ্রস্থ জাতীয় সড়কের সংস্কার কাজ চলছে’, ‘কাদের নামা’, ‘বীরাঙ্গনা হালিমা’ ও ‘প্রজন্ম’১৩’ প্রদর্শিত হবে।
ঝুনা চৌধুরী আরো বলেন, গণসঙ্গীত, নৃত্যানুষ্ঠান, গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে যে সব কবিতা, গান লেখা হয়েছে সে সব শিল্পীর গান ও কবির স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। দেশের বরেণ্য শিল্পীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, আসাদুজ্জামান নূর, গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, হাসান আরিফ, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং অনুষ্ঠান সঞ্চালন করবেন ফেডারেশানের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।
