স্পিলবার্গের বলিউড সফর
হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ ১১ মার্চ ভারত সফর শুরু করেছেন। আর প্রথমবারের মত ভারত সফরে স্পিলবার্গ দেখা করবেন বলিউডের ৬০ জন বিখ্যাত পরিচালকের সঙ্গে। খবর মিডডের।
‘জুরাসিক পার্ক’ খ্যাত পরিচালক স্পিলবার্গের এটাই প্রথম ভারত সফর; বিখ্যাত এই পরিচালককে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় শিল্পপতি অনিল আম্বানি।
এই সফরের অংশ হিসেবে বলিউডের ৬০ জন সৃজনশীল পরিচালকের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসবেন স্পিলবার্গ। ১২ মার্চ অনুষ্ঠিতব্য ওই বৈঠকে উপস্থিত থাকবেন আশুতোষ গোয়ারিকর, মহেশ ভাট, ডেভিড ধাওয়ান, ফারাহ খানসহ আরও অনেক বলিউডি পরিচালক।
ওই বিশেষ বৈঠকে আরও যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় লীলা বনসালি, শ্যাম বেনেগাল, জয়া আখতার, রিমা কাতগি, বিক্রমাদিত্য মতওয়ানি, অনুরাগ কশ্যপ, কুনাল কোহলি, কিরণ রাও, রমেশ সিপ্পি, বিশাল ভরদ্বাজ, করন জোহর, আর বাল্কি, রাম গোপাল ভার্মাসহ আরও অনেকে।
