টিভি পর্দায় নারী দিবস
৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশী স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো নানা অনুষ্ঠান নিয়ে সাজিয়েছে তাদের প্রচারসূচি। সেই সঙ্গে বেশ কয়েকটি টিভি চ্যানেল উদ্যোগ নিয়েছে নারীদের নেতৃত্বে দিনের কার্যক্রম পরিচালনার।
এ বিষয়ে বৈশাখি টিভি কর্তৃপক্ষ গ্লিটজকে জানিয়েছেন, ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরাবরের মতো দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। এদিন বৈশাখীর প্রতিটি বিভাগ চলবে নারীদের নেতৃত্বে। বৈশাখীর পর্দাতেও সেদিন দৃশ্যমান থাকবেন কেবল নারী কর্মীরা। এছাড়া অভ্যন্তরীণ নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল দশটা পয়তাল্লিশ মিনিটে নারী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।’
এই দিবস নিয়ে টিভি অনুষ্ঠান আয়োজনকারীর মধ্যে এগিয়ে আছে একুশে টিভি, দেশ টিভি, চ্যানেল আই ও আরটিভি। আরটিভি ৭টি বিশেষ ক্ষেত্রে আলোকিত ৭জন নারীকে সম্মাননা দেবে। ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় ‘আরটিভি’র বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানের।
দেশ টিভি প্রচার করবে ‘এ্যান ইমোশনাল ক্রিয়েচার’ নামে বিশেষ টক শো, যেখানে উপস্থিত থাকবেন নারীবাদী লেখক ইভ এন্সলার।
বাংলা চলচ্চিত্রের অভিনয় শিল্পী আরিফা পারভিন মৌসুমীকে নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘নারী তোমাকে অভিনন্দন’ প্রচার করবে একুশে টিভি।
পাশাপাশি সারাদিন নারী দিবসের বিশেষ কবিতা আবৃত্তি, নাচ, গান, নাটক, টেলিফিল্ম ও সিনেমা প্রচার করবে টিভি চ্যানেলগুলো।
