চলে গেলেন আহমদ জামান চৌধুরী
সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরী ৬ মার্চ বুধবার বিকেল পৌনে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তার বড় বোনের ছেলে মাসুদুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর আগে ১ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। তার অবস্থার অবনতি ঘটলে ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাংবাদিকতার পাশাপাশি আহমদ জামান চৌধুরী অনেক চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান রচনা করেন। ১৯৪৭ সালে ২৮ ডিসেম্বর চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন তিনি। পাঁচ ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তোর ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালেই সাপ্তাহিক ‘চিত্রালী’র মধ্য দিয়ে আহমদ জামান চৌধুরী জড়িত হন চলচ্চিত্র সাংবাদিকতার সঙ্গে। এক পর্যায়ে তিনি পত্রিকাটির সম্পাদনার দায়িত্বও পালন করেন দীর্ঘ ১০ বছর। সব মিলিয়ে চিত্রালীর সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন ২০ বছর।
চিত্রালীর পর আহমদ জামান চৌধুরী দু’বছর ফিচার সম্পাদকের দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তর পত্রিকায়। সাম্প্রতিক সময়ে ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে খ-কালীন শিক্ষকতা করেছেন তিনি।
চলচ্চিত্র সাংবাদিকতা ও অন্যান্য ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ আহমদ জামান চৌধুরী পেয়েছেন অনেক পুরস্কার। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, সলিমুল্লাহ হল চ্যাম্পিয়নশিপ পুরস্কার উল্লেখযোগ্য।
আহমদ জামান চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর তিনবারের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তাঁর লেখা ও চিত্রনাট্যে নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পিচঢালা পথ, নতুন নামে ডাকো, নাচের পুতুল, বাঁদি থেকে বেগম, আগুন, যাদুর বাঁশি, মাস্তান, তুফান, শেষ উত্তর, লাভ ইন সিঙ্গাপুর, শ্বশুরবাড়ি, মিস লংকা, দূরদেশ।
আহমদ জামান চৌধুরীর লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি, যাদু বিনা বাঁশি বাঁচিতে পারে না, মাগো তোর কান্না আমি সইতে পারি না, যেও না সাথী, ও দরিয়ার পানি তোর মতলব জানি, আপা কইসে আমারে বাল্য শিক্ষা কিনা দিবো, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা, ওরে ও বাঁশিওয়ালা তুমি যে গলার মালা ইত্যাদি।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি(বাচসাস) এর সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান বাচসাসের প্রতিষ্ঠাতা সদস্য আহমদ জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে ও সাংবাদিকতায় তার অবদান অনস্বীকার্য। এদেশের চলচ্চিত্রে আহমদ জামান চৌধুরীর কালজয়ী সৃষ্টিকর্ম যুগ যুগ ধরে তাকে বাঁচিয়ে রাখবে। বাচসাস পরিবার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।
