‘টাইমস সেলেবেক্সে’র শীর্ষে সালমান, ক্যাটরিনা
টাইমস সেলেবেক্সের তালিকায় ২০১৩ সালের জানুয়ারি মাসের সেরা দশ বলিউডি অভিনেতাদের মধ্যে টানা দ্বিতীয় মাসের মতো শীর্ষে রয়েছেন বলিউডি অভিনেতা সালমান খান। এর পরেই রয়েছেন তার চির প্রতিদ্বন্দ্বী অভিনেতা শাহরুখ খান। অভিনেত্রীদের তালিকার প্রথমেই রয়েছে বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নাম। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
২০১২ এর সেপ্টেম্বরে শুরু হওয়া এই মাসিক রেটিং ইনডেক্সে বেশ কিছু দিক থেকে বলিউডি অভিনয় শিল্পীদের জনপ্রিয়তা পরিমাপ করা হয়। এর মধ্যে রয়েছে বক্স অফিস পারফর্মেন্স, টিভি এবং অনলাইনে উপস্থিতি, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় তাদের অবদান এবং ইন্টারনেট ও সোসাল মিডিয়া সাইট গুলোতে ভক্তদের মধ্যে জনপ্রিয়তা।
টাইমস সেলেবেক্স অত্যন্ত বিশ্বাসযোগ্য একটি প্রক্রিয়া। কারণ এক্ষেত্রে দুশ’রও বেশি প্রকাশনা এবং আড়াইশ’রও বেমি টিভি চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এ তালিকার সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে ‘টি স্কোর’।
নভেম্বর মাসে ওই তালিকার শীর্ষে থাকলেও ডিসেম্বর মাসে সালমান খানের জন্য নিজের স্থানটি ছেড়ে দিতে হয় শাহরুখকে। আর জানুয়ারিতেও প্রথম স্থানটি দখলে রেখেছেন সালমান। স্টার নেটওয়ার্কের সঙ্গে সালমানের চুক্তি, পরপর জনপ্রিয় সিনেমা এবং ১১টি ব্র্যান্ডের প্রচারণায় সক্রিয় থাকার কারণে ৫৬ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন সালমান।
অন্যদিকে করন জোহরের সঙ্গে বন্ধুত্বের বন্ধন ছাড়িয়ে নিজের কার্যক্ষেত্র বিস্তৃত করায়, ১৯ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর শাহরুখ ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ‘রেস ২’ সিনেমার বিশাল সাফল্যের পর ১২ টি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সাইফ আলি খান ৩৬.৫ পয়েন্ট নিয়ে আছেন তৃতীয় স্থানে।
৩৫ এবং ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন বলিউডে ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমার এবং রণবীর কাপুর। ‘স্পেশাল ছাব্বিশ’-এর প্রচারণা এবং আবারও ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধার সংবাদটি এক্ষেত্রে তাকে সাহায্য করেছে। অন্যদিকে ফিল্মফেয়ারে ‘বারফি!’ সিনেমার সাফল্য এবং ক্যাটের সঙ্গে প্রেমের গুজব রণবীরকে পঞ্চম স্থানে নিয়ে এসেছে।
অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন ক্যাটরিনা কাইফ, পেয়েছেন ৪৬ পয়েন্ট। হলিউডি সিনেমা ‘নাইট অ্যান্ড ডে’র বলিউডি রিমেক ‘ব্যাং ব্যাং’-এ হৃত্ত্বিক রোশানের সঙ্গে জুটি বাঁধার পর আলোচিত হয়েছেন ক্যাট। আর রণবীরের সঙ্গে তার প্রেমের গুজব তো রয়েছেই।
৪৪ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছেন প্রিয়াংকা চোপড়া। ‘জাঞ্জির’ সিনেমায় গান গাওয়া, ‘বারফি!’ সিনেমায় অসাধারন অভিনয় এবং ৯টি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তিনি।‘রেস ২’-এর সাফল্যের পর ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়–কোন। এছাড়া ‘রাম লীলা’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সুবাদেও আলোচিত হয়েছেন তিনি।
বিয়ের পর আইটেম সং ‘ফেভিকল’-এর কারণে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। ২২টি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর কারিনা ৩৬ পয়েন্ট নিয়ে আছেন ৪র্থ স্থানে। ‘মাটরু কি বিজলী কা মানডোলা’ সিনেমার সাফল্য, ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার সুবাদে ফিল্ম ফেয়ার পুরস্কার এবং আমির খানের সঙ্গে ‘পিকে’- সব মিলিয়ে আলোচিত আনুশকা শর্মা ৩৩ পয়েন্ট নিয়ে আছেন ৫ম স্থানে।
