অস্কারে মিশেল ওবামা
এ বছরে হলিউডি জগতের প্রতিটি পুরস্কারের আসরই ছিলো নতুনত্বে ভরপুর। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন আর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্কারের আসরে সেরা চলচ্চিত্রটির নাম ঘোষণা করেন দেশটির বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা। খবর এনডিটিভির।
২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেলো ৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। আর সে আসরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেরা সিনেমা হিসেবে ‘আরগো’-এর নাম ঘোষণা করেন মিশেল ওবামা। একটি ভিডিও লিঙ্কের সাহয্যে আসরের সঙ্গে যুক্ত হন তিনি।
ওই সময় মিসেস. ওবামার পরনে ছিলো রূপালি কাজ করা নাঈম খানের ডিজাইনের একটি পোশাক। ভিডিওর মাধ্যমে ‘আরগো’-এর নাম ঘোষণার পর পরিচালক বেন অ্যাফলেকের হাতে অস্কার তুলে দেন হলিউডের সিনিয়র অভিনেতা জ্যাক নিকোলসন।
অস্কার ঘোষণার আগে মিশেল ওবামা মনোনয়ন প্রাপ্ত সেরা সিনেমাগুলো সম্পর্কে বলেন, ‘এ নয়টি সিনেমা আমাদের অনেকটা অতীতে নিয়ে গিয়েছিলো। এ সিনেমাগুলো আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে।’
এরপর খাম খুলে এবারের অস্কার জয়ী সেরা সিনেমা হিসেবে বেন অ্যাফলেক পরিচালিত ‘আরগো’ সিনেমাটির নাম ঘোষণা করেন তিনি।
জানুয়ারিতে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা সিনেমা হিসেবে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘লিংকন’ সিনেমাটির নাম ঘোষণা করেছিলেন বিল ক্লিনটন।
