২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার-২০১৩

এবারের আসরের সেরা সিনেমার পুরস্কারটি জয় করে নিয়েছে বেন অ্যাফ্লেক পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘আরগো’। সরাসারি হোয়াইট হাউজ থেকে বিজয়ীর নাম ঘোষণা করেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

সেঁজুতি শোণিমা নদী

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 09:28 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

তার ঘোষণা অনুসারেই সিনেমাটির প্রযোজকত্রয়- বেন অ্যাফ্লেক, গ্রান্ট হেসলভ এবং জর্জ ক্লুনির হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা জ্যাক নিকলসন। তালিকায় থাকা আরো ৮ সিনেমা- ‘লিংকন’ (স্টিভেন স্পিলবার্গ), ‘লাইফ অফ পাই’ (অ্যাং লি), ‘বিস্টস অফ দ্যা সাউদার্ন ওয়াইল্ড’ (বেন জাইটলিন), ‘আমোর’ (মিখাইল হ্যানাকা), ‘লে মিজারেবল’, ‘সিলভার লাইনিংস প্লেবুক’(ডেভিড ও রাসেল), ‘জিরো ডার্ক থার্টি’(ক্যাথরিন বিগেলো) এবং ‘জ্যাঙ্গো আনচেইনড’ (কুয়েন্টিন টারানটিনো)কে হারিয়ে এই পুরস্কার অর্জন করে আরগো। 

সবমিলিয়ে ৭ বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাটি তুলে নিয়েছে আরো দুটি অস্কার।এটির চিত্রনাট্য রচয়িতা ক্রিস টেরিও পুরস্কৃত হয়েছেন ‘বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লের বিভাগে। ‘ফিল্ম এডিটিং’ বিভাগের অস্কারও ওই সিনেমার জন্য বাগিয়ে নিয়েছেন উইলিয়াম গোল্ডেনবার্গ।

সেরা সিনেমার পুরস্কার ‘আরগো’র ঘরে গেলেও ‘সেরা পরিচালক’সহ এই আসরের সর্বাধিক চারটি পুরস্কার বাগিয়ে নিয়েছে ‘লাইফ অফ পাই’। ইয়ান মার্টেলের উপন্যাস অনুসারে সিনেমাটি পরিচালনার সুবাদে ‘সেরা পরিচালক’-এর পুরস্কার গ্রহণ করেন অ্যাং লি। টেকনিকাল অ্যাওয়ার্ড ‘সেরা চিত্রগ্রহণ’, ‘বেস্ট ভিজ্যুয়াল ইফেক্ট’ এবং ‘বেস্ট অরিজিনাল স্কোর’-এর পুরস্কারও গেছে এই সিনেমার ঘরেই।

এদিকে পূর্বানুমান অনুযায়ীই ‘সেরা অভিনেতা’র অস্কারটি জিতে নিয়েছেন ড্যানিয়েল ডে লুইস। এর মাধ্যমে একটি অনন্য রেকর্ডের অধিকারী হলেন তিনি; অস্কারের ইতিহাসে তৃতীয়বারের মতো এই বিভাগে জয়ী হওয়া একমাত্র অভিনেতা এখন তিনিই। তবে স্টিভেন স্পিলবার্গের ‘লিংকন’-এ নামভূমিকায় অনবদ্য অভিনয়ের সুবাদে ওই পুরস্কার পেলেও ১২ টি মনোনয়ন পাওয়া এই সিনেমার কপালে জুটেছে আর একটি মাত্র টেকনিকাল অ্যাওয়ার্ড- ‘বেস্ট প্রোডাকশন ডিজাইন’।

সেরা অভিনেতা হিসেবে ড্যানিয়েল ডে লুইসের পুরস্কার প্রাপ্তিকে আগে থেকেই সবাই নিশ্চিত ধরে নিলেও ‘সেরা অভিনেত্রী’র অস্কার প্রথমবারের মতো জয় করে সবাইকে বেশ চমকেই দিয়েছেন ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এর অভিনেত্রী জেনিফার লরেন্স। এবারের পুরস্কার মৌসুমে গোল্ডেন গ্লোব, স্পিরিট অ্যাওয়ার্ডসসহ বেশ কয়েকটি পুরস্কার জিতে নিলেও ওই বিভাগে তার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিলো গোল্ডেন গ্লোবজয়ী আরেক অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইনকে (জিরো ডার্ক থার্টি)। এছাড়া এ বিভাগের মনোনীতদের মধ্যে ছিলেন, ইমানুয়েল রিভা (আমোর), কুভেনজেইন ওয়ালিস ( বিস্টস অফ দ্যা সাউদার্ন ওয়াইল্ড) এবং নাওমি ওয়াটস (দ্যা ইম্পসিবল)।

কৌতুকাভিনেতা সেথ ম্যাকফার্লেনের উপস্থাপনায় অনুষ্ঠানটির পুরস্কার প্রদান পর্ব শুরু হয় ‘পার্শ¦ চরিত্রের সেরা অভিনেতা’ বিভাগটি দিয়ে। অ্যালান আরকিন (আরগো), ফিলিপ সিমুর হফম্যান (দ্যা ম্যাস্টার), রবার্ট ডি নিরো (সিলভার লাইনিংস প্লেবুক) এবং টমি লি জোনস (লিংকন)-এর মতো অভিনেতাদের পেছনে ফেলে ওই অস্কার জিতে নেন ক্রিস্টফ ওয়াল্টজ। গতবারের পার্শ¦ চরিত্রের সেরা অভিনেত্রীর অস্কারজয়ী অক্টাভিয়া স্পেন্সারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, এটি ক্রিস্টফের দ্বিতীয় অস্কার; এর আগে ২০১০ সালে একই বিভাগে ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর জন্য প্রথমবারের মতো অস্কার জয় করেন তিনি।

মোট পাঁচটি বিভাগে মনোনীত হওয়া ‘জ্যাঙ্গো আনচেইন্ড’ এর ঘরে গেছে আরও একটি পুরষ্কার। সিনেমাটির চিত্রনাট্যের জন্য ‘বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে’র পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন এর পরিচালক-প্রযোজক এবং চিত্রনাট্যকার কুয়েন্টিন টারানটিনো। 

পার্শ¦ চরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন অ্যান হ্যাথওয়ে (লে মিজারেবলস)। ওই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যামি অ্যাডামস (দ্যা মাস্টার), হেলেন হান্ট (দ্যা সেশনস), স্যালি ফিল্ড (লিংকন) এবং জ্যাকি উইভার (সিলভার লাইনিংস প্লেবুক)।

এবারের আসরের ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’র অস্কার জয় করেছে অস্ট্রিয়ার পরিচালক মিখাইল হ্যানাকার ‘আমোর’। এর মাধ্যমে দ্বিতীবারের মতো এই বিভাগের অস্কার ঘরে তুললো অস্ট্রিয়া। ‘সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম’ হিসেবে নির্বাচিত হয়েছে ‘ব্রেভ’। ‘সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম’ নির্বাচিত হয়েছে ‘পেপারম্যান’।

আসরের ‘সেরা প্রামাণ্যচিত্র’-এর অস্কার জয় করেছে ‘সার্চিং ফর শুগার ম্যান’। এদিকে ‘সেরা স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র’-এর পুরস্কার জয় করেছে ‘ইনোসেন্তে’। ‘বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’-এর পুরস্কার বাগিয়ে নিয়েছে ‘কারফিউ’।

জেমস বন্ড সিরিজের সিনেমা ‘স্কাইফল’-এর থিম সং এর সুবাদে আসরের ‘বেস্ট অরিজিনাল সং’ এর পুরষ্কার জয় করেছেন অ্যাডেল। পুরস্কার প্রাপ্তির আগে ওই সিরিজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে গানটি মঞ্চে গেয়েও শোনান তিনি।

মঞ্চে অ্যাডেল ছাড়াও নিজ নিজ মিউজিকাল সিনেমার সুরে গলা মিলিয়েছেন ‘শিকাগো’, ‘ড্রিমগার্লস’ এবং ‘লা মিজারেবল’-এর কলাকুশলীরা। এছাড়াও বিভিন্ন তারকার পরিবেশনা এবং উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এবারের অস্কার।