২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারের দৌড়ে ‘লাইফ অফ পাই’

মুভি মিসটেকস ডটকমের এক গবেষণায় দেখা গেছে, যদি অস্কারের সেরা সিনেমা নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে কম ত্রুটির সিনেমাকে বেছে নেওয়া হয় তবে পরিচালক অ্যাং লি পরিচালিত ‘লাইফ অফ পাই’ এবারের অস্কারের দৌড়ে সেরা সিনেমার পদকটি জয় করে নেবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 01:49 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

ইয়ান মার্টেলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘লাইফ অফ পাই’ সিনেমাটিকে চলচ্চিত্র ভক্তরা ওই সাইটে অন্যতম ত্রুটিহীন সিনেমা হিসেবে নির্বাচিত করেছে। সিনেমাটিতে গবেষকরা এডিটিংয়ে একটি মাত্র ত্রুটি খুঁজে পেয়েছিলেন। সে তুলনায় কুয়েনটিন ট্যারেনটিনোর ‘জ্যাঙ্গো আনচেইন্ড’ সিনেমায় পাওয়া গেছে ২৬টি ত্রুটি এবং ‘আরগো’তে ২২টি।

মুভি মিসটেকস ডটকমের এডিটর জন স্যানডেস কন্টাক্ট মিউজিকের বরাতে জানান, ‘অস্কারে মনোনীত সিনেমাগুলোতে বরাবরই ভুল থাকে। তবে এবারে তুলনামূলকভাবে সচেতনতার সঙ্গে বাছাই কাজটি সম্পাদিত হয়েছে। ভিজ্যুয়াল এফেক্টের জন্য যে সিনেমাগুলো মনোনীত হয়, সে সিনেমাগুলোতেই ভুলের পরিমাণ বেশি থাকে। তবে সিনেমাগুলোর জনপ্রিয়তা এবং এর বৃহৎ বাজেটের আড়ালে বিষয়গুলো চাপা পড়ে যায়।’

‘লাইফ অফ পাই’ সিনেমাটিতে সমুদ্রে লাইফ বোটে ভাসতে থাকা একটি ছেলের কাহিনী তুলে ধরা হয়েছে। লাইফ বোটে তার সঙ্গী ছিলো একটি রয়েল বেঙ্গল টাইগার। সিনেমাটির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেছেন ভারতীয় বংশোদ্ভুত অভিনেতা সূর্য শর্মা। আরও ছিলেন বলিউডি অভিনয় শিল্পী টাবু এবং ইরফান খান।

সিনেমার ত্রুটির ক্ষেত্রে ‘লা মিজারেবলস’ এ ধরা পড়েছে ১৫টি ত্রুটি, ‘জিরো ডার্ক থার্টি’তে ১২টি, ‘সিলভার লাইনিংস প্লেবুক’ এ ৯টি এবং ‘লিংকন’ এ ৮টি।