অসুস্থ শর্মিলা ঠাকুর
সম্প্রতি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন বলিউডি সিনিয়র অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আর এ জন্য তার স্বামী ও প্রয়াত ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির স্মারক লিপি স্থাপনের উদ্বোধনীতেও উপস্থিত থাকতে পারেন নি তিনি। তিনি বর্তমানে আসলোক নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।
নার্সিং হোমে ভর্তি হবার পর শর্মিলা ঠাকুর বলেন, ‘আমার সত্যিই খুব দুঃখ হচ্ছে যে চেন্নাইয়ের উদ্বোধনী ভাষণে উপস্থিত থাকতে পারিনি। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে, সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিলো না। আর আমাকে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছে।’
এমনকি ক্রিকেটার সুনীল গাভাস্কারের উদ্বোধনী বক্তৃতাটি যে সরাসরি সম্প্রচার করা হয়েছে এ বিষয়টাও জানতেন না শর্মিলা ঠাকুর। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানতাম না। আমি ভেবেছিলাম পরদিন সেটি প্রচারিত হবে।’
তিনি আরও জানান, ‘সাইফ বুলেট রাজা সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছে। অন্য দিকে সাহেব বিবি আউর গ্যাংস্টার সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছে সোহা। সাবাও তার কাজে সেদিন ব্যস্ত ছিলো। তাই অনুষ্ঠানে আমার একারই যোগ দেবার কথা ছিলো। কিন্তু আমিও অসুস্থ হয়ে পড়লাম।’
