দোহার এর ‘শাহবাগ দিচ্ছে ডাক’
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ গণজাগরণ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কলকতার দোহার ব্যান্ডের ভোকাল কালিকাপ্রসাদ ভট্টাচার্য একটি গান লিখেছেন। ‘শাহবাগ দিচ্ছে ডাক’ নামের এই গানে কন্ঠও দিয়েছেন তিনি; গানটি প্রকাশ করা হয়েছে ইউটিউবে।
কালিকাপ্রসাদ ভট্টাচার্য বলেন, ‘৭১ এ মহান স্বাধীনতা সংগ্রামে যে যার অবস্থান থেকে কাজ করেছে মাতৃভূমির জন্য। আর আমিও তো বাঙালি। তাই এক ধরনের দায়িত্ববোধ এবং আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানাতেই আমার এই গান।’
শাহবাগ দিচ্ছে ডাক
কথা ও সুর : কালিকাপ্রসাদ ভট্টাচার্য
সংগীত : দোহার
আজ আমাদের প্রেম, আমাদের রাগ, শাহবাগ শাহবাগ
আজ দুনিয়ার কাছে লড়াই মানেই, শাহবাগ শাহবাগ।
শাহবাগ মানে মুক্তিযুদ্ধের অপরাধীদের ফাঁসি
শাহবাগ মানে বাংলাভাষা, বাংলাকে ভালোবাসি।
শাহবাগ মানে ফাগুনে পলাশে বসন্তে প্রতিরোধ
শাহবাগ মানে বাহান্ন আর একাত্তরের শোধ।
শাহবাগ মানে চণ্ডীদাস আলাউলকে সালাম
শাহবাগ আজ লালন রবীন্দ্র নজরুল ইসলাম।
যেখানে আমার গান স্লোগান আর স্লোগান হচ্ছে গান
কান পেতে শোনো শাহবাগে আজ বঙ্গবন্ধুর আহ্বান
জয়বাংলা জয়বাংলা জয়বাংলা।
বাংলা আমার পাঁজরের আওয়াজ, বাংলা বুকের চিহ্ন
শাহবাগ মানে বাংলা থেকেই রাজাকার নিশ্চিহ্ন।
একুশের মাসে বসন্ত আসে এবার এসেছে সংগ্রাম
সারা বাংলায় শাহবাগ আজ, শাহবাগ বাংলার নাম।
শাহবাগ শাহবাগ একুশে দিচ্ছে ডাক
শাহবাগ শাহবাগ আমাদের প্রেমরাগ।
শাহবাগ শাহবাগ যৌবন দেয় ডাক
বসন্তে এলো ডাক শাহবাগ শাহবাগ।
