শাহবাগ চত্বরে নাট্যপরিচালক শান্তর মৃত্যু
শাহবাগ আন্দোলনে সংহতি জানাতে গিয়ে মৃত্যুবরণ করলেন নাট্য পরিচালক তরিকুল ইসলাম শান্ত। ১৮ ফেব্রুয়ারি দুপুর ৩ টার দিকে অন্যান্য সহকর্মীর সঙ্গে শাহবাগের প্রজন্ম চত্বরে মিছিল করে পৌছানোর পর হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তরিকুল ইসলাম শান্ত পেশায় পরিচালক, প্রযোজক, সম্পাদক, কার্টুনিস্ট, লেখক, ও ব্লগার। তার পরিচালিত শেষ নাটক ‘একজন ভালোমানুষের গল্প’ প্রচার হয় বিটিভিতে ২০১২ সালের ঈদ-উল-আযহাতে। তিনি পেশাগত জীবনে প্রথম টেলিফিল্মটি নির্মাণ করেন যুদ্ধাপরাধ বিষয়ে। ঘরে ঘরে দুর্গ নামে টেলিফিল্মটি ২০১০সালের ৩১ জুলাই বিটিভিতে প্রচার হয়।
এ পযর্ন্ত সিন্দাবাদের ভূত, এক ডজন গোয়েন্দা গল্প, খুকুর ছড়া, খোকার ছড়া, কবিতায় তুমি নামে বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। তিনি রম্য পত্রিকা উন্মাদের সঙ্গে যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়ে প্রজন্ম চত্বরে আন্দোলকারীরা এক মিনিট নিরবতা পালন করেন। শান্তর পরিবার থেকে জানানো হয়েছে, সাংস্কৃতিক জগতের বন্ধুদের অনুরোধে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।
