টিএসসিতে ‘দাবানল’
শহীদ বুদ্ধিজীবী, ‘৬৯ এর গণঅভ্যুত্থানের শহীদ ড. শামসুজ্জোহাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘দাবানল’ ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রদর্শিত হবে। তখন প্রামাণ্যচিত্রটির ডিভিডির মোড়ক উন্মোচন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । ‘দাবানল’ এর গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাজ্জাদ বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে আলোচক হিসেেব উপস্থিত থাকবেন শহীদ ড. জোহার ঘনিষ্ঠ ছাত্র, রাকসুর সাবেক ভিপি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল ইসলাম ঠান্ডু ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। শহীদ ড. জোহার পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ড. জোহার বোন অধ্যাপিকা আখতার জাহান আনার। ডিভিডির প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষে থাকবেন লেজার ভিশনের চেয়াম্যান এ.কে.এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর ড.আবদুল খালেক।
