২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে চলচ্চিত্র প্রদর্শনী

তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের স্মরণে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ২০ ফেব্রুয়ারি থেকে তিনদিন ব্যাপী তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের চলচ্চিত্র প্রদর্শনী হবে।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 02:10 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

এ বিষয়ে ক্যাথরিন মাসুদ গ্লিটজকে বলেন, ‘আমরা আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদ স্মরণে এই প্রদর্শনীর আয়োজন করেছি। এটা আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা ছিলো। ভাষার মাসে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে, বর্তমানে শাহবাগের প্রজন্ম চত্বরের রাজাকার ও স্বাধীনতা বিরোধী আন্দোলনও।’

ক্যাথরিন আরো বলেন, ‘শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে এই প্রদর্শনীর মধ্য দিয়ে সংহতি জানাচ্ছি। আমরাও আন্দোলনকারীদের সঙ্গে একমত। আমরাও যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।’

এদিকে এই আয়োজন সম্পর্কে জানা গেছে, তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত চলচ্চিত্রের ৩ দিন ব্যাপী বিশেষ প্রদর্শনীতে মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, রানওয়ে, নরসুন্দর ও একুশ দেখানো হবে।

২০ ফেব্রুয়ারি তিনটায়, পাঁচটায় দেখানো হবে ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘রানওয়ে’, সাতটায় একুশ ও মাটির ময়না, ২১ ফেব্রুয়ারি সকাল ১০ ও ১২ টায়, পাঁচটায় একুশ, নরসুন্দর ও মুক্তির গান; তিনটায় একুশ, নরসুন্দর ও রানওয়ে এবং সর্বশেষ সাতটায় একুশ ও মাটির ময়না। ২২ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় একুশ ও মাটির ময়না, পাঁচটায় একুশ, নরসুন্দর ও মুক্তির গান এবং একুশ, নরসুন্দর ও রানওয়ে প্রদর্শনী। এ জন্য প্রবেশমূল্য ধরা হয়েছে ৫০ টাকা।