২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভির সমস্যা নিয়ে বৈঠক

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশে’র প্রতিনিধি দলের সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 07:01 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

১৩ ফেব্রুয়ারি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে টেলিভিশনের বিভিন্ন সমস্যা নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। মন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন। এতে সিদ্ধান্ত হয় মার্চে টিভির সমস্যাবলী নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। সেখানে তথ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে প্রতিনিধি দলকে নিশ্চিত করেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাকুর মজিদ গ্লিটজকে বলেন, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি দলটি মন্ত্রীকে টেলিভিশন মিডিয়ায় চলমান বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন। যার অন্যতম বিষয় ছিল প্রাইভেট চ্যানেল কর্তৃক চুক্তি অনুযায়ী প্রযোজকদের পাওনা পরিশোধে বিলম্ব, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডকে সম্প্রসারণ করে বেসরকারি প্রযোজক ও পরিচালকদের জন্য উন্মুক্তকরণ, বিভিন্ন চ্যানেলে বিদেশীদের নিয়োগ, বিদেশী শিল্পী ও কুশলীদের দিয়ে বাংলাদেশের চ্যানেলের জন্য নাটক ও অনুষ্ঠান নির্মাণ, প্রাইভেট চ্যানেলে বিনিয়োগের সুস্থ পরিবেশ সৃষ্টি, জাতীয় টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, টেলিভিশন মিডিয়াকে শিল্প হিসেবে ঘোষণা, টেলিভিশনের জন্য বিজ্ঞাপন সম্প্রচার নীতিমালা প্রণয়ন ও ক্যাবল সম্প্রচারে বাংলাদেশী চ্যানেলগুলোকে অগ্রাধিকার প্রদানসহ বিবিধ বিষয়।

প্রতিনিধি দলে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তারিক আনাম খান, সহ সভাপতি মনোয়ার পাঠান ও মোহন খান, যুগ্ম সম্পাদক আলী বশির ও সাংগঠনিক সম্পাদক শাকুর মজিদ উপস্থিত ছিলেন। এই সভায় তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন।