সেরা জুটি শাহরুখ-কাজল
সম্প্রতি, এক জরিপে বলিউডি অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী কাজলের জুটিই বলিউডের রূপালি জগতের সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক জুটি হিসেবে নির্বাচিত হয়েছে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভারতীয় সিনেমা পোর্টাল সানোনার এক জরিপে বলিউডের জনপ্রিয় জুটিদের নিয়ে একটি ভোটের আয়োজন করা হয়। এ আয়োজনে ছিলো ভিন্ন ভিন্ন দশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা জুটিগুলো। এদের মধ্যে ছিলো, ধর্মেন্দ্র-হেমা মালিনী, রাজ কাপুর-নার্গিস এবং অমিতাভ বচ্চন-রেখা জুটি।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে আয়োজিত এ নির্বাচনে বিভিন্ন সোশাল নেটওয়ার্ক যেমন, ফেসবুক, টুইটার, ই-মেইল এমনকি মোবাইলের মাধ্যমেও ভোটের আয়োজন করা হয়। তবে বলিউড প্রেমীরা ভোট দিয়ে ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এর রাজ-সিমরান হিসেবে খ্যাত শাহরুখ-কাজলের জুটিকেই সর্বকালের সেরা বলিউডি রোমান্টিক জুটি নির্বাচিত করেছেন।
সানোনার সিইও অ্যাডাম ডেভিস বলেন, ‘অন্যান্য জুটির সঙ্গে শাহরুখ-কাজলের জুটির পাওয়া ভোটের সংখ্যায় ছিলো বিশাল পার্থক্য। ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে এ জুটির যাত্রা শুরু হয়। তবে তারা শুধুমাত্র রূপালি পর্দাতেই জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন।’
এ তালিকায় নতুন জুটির মধ্যে ছিলো রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ, শাহিদ কাপুর-প্রিয়াংকা চোপড়া এবং হৃত্বিক রোশান-কারিনা কাপুরের নাম। তবে শাহরুখ খান দ্বিতীয়বারের মতো এই তালিকার শীর্ষে এলেন। এর আগে শাহরুখ-রানির জুটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছিলো।
