ভালোবাসা দিবসে সঙ্গীতার সাত
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সঙ্গীতা প্রকাশ করছে সাতটি অ্যালবাম। এর মধ্যে আছে, নিজের কথা ও সুরে শাহরিয়ারের একক ‘শহর থেকে দূরে’, বাঁধনের একক ‘অতঃপর ভালোবাসা’, শাহেদের সুরে মিশ্র ‘আড়াল ভালোবাসা’, সাদ শাহ ফিচারিং ‘জানিনা’, স্বর্ণালীর ‘নিঃস্ব ভালোবাসা’, কে. জামান কায়েসের ‘ভালোবাসার অনুরাগ’, নির্ঝর ফিচারিং ‘স্বপ্না’।
এ বিষয়ে সঙ্গীতার কর্ণধার সেলিম খান গ্লিটজকে বলেন, ‘কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠান একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলো। বিষয়টা খুবই অনাকাঙ্খিত। যে প্রতিষ্ঠান দেশের সঙ্গীত অঙ্গনে নিষ্ঠার সাথে অবদান রেখে গেলো, তারই বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। মেনে নিতে খুব কষ্ট হয়, তবু মেনে নিয়েছি। মেনে নিয়েই ব্যবসায় মনোযোগ দিয়েছি।’
তিনি আরো বলেন ‘এবারের ভালোবাসা দিবসে সাতটি অ্যালবাম প্রকাশ করছি আমরা। অ্যালবামের শিল্পীরা অনেকেই নতুন। আবার যারা জনপ্রিয় তাদেরকে পাওয়া যাচ্ছে যৌথ আয়োজনগুলোতে। আশা করছি গানগুলো সবার ভালো লাগবে।’
