ভূত দেখেছেন কেটি পেরি!
সম্প্রতি পপ তারকা কেটি পেরি শুটিংয়ের আগে ড্রেসিং রুমে ভূত দেখেছেন বলে দাবি করেছেন। আর এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
জানা গেছে, একটি পারফিউমের বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ড্রেসিং রুমে তৈরি হচ্ছিলেন কেটি। শুটিংটি হচ্ছিলো ফরাসি দুর্গের মতো একটি প্রাসাদে। আর সে সময় কেটি দাবি করেন যে তিনি আয়নায় একজনের প্রতিবিম্ব দেখেছেন যার গোঁফ ছিলো। সেই প্রতিবিম্বটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলো বলে দাবি করেন তিনি।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি স্টার জানায়, ‘হঠাৎ করেই নিজের ড্রেসিং রুম থেকে চিৎকার করে ওঠেন কেটি। তিনি জানান, ওই সময় তিনি একাই ঘরে ছিলেন এবং আয়নার ভিতর থেকে গোঁফওয়ালা একটি প্রতিবিম্ব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলো। তিনি ঈশ্বরের নাম ধরে চিৎকার করছিলেন এবং ঘর থেকে বেরিয়ে আসেন।’
শেষ পর্যন্ত বিজ্ঞাপনটির পরিচালক কেটিকে আশ্বস্ত করেন যে তিনি আর কখনওই একা থাকবেন না। এরপর কিছুটা শান্ত হন তিনি।
