সুবীর নন্দীর ‘আমার তুমি এলে’
শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘আমার তুমি এলে’র মোড়ক উন্মোচন করা হবে ১২ ফেব্রুয়ারি বেঙ্গল ফাউন্ডেশনে। সিডির মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ।
বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী গ্লিটজকে বলেন, ‘জীবন বিশ্বাসের কথা ও সুরে এর সঙ্গীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। রাজধানীর বেঙ্গল শিল্পালয়ের ওই অনুষ্ঠানে শিল্পী সুবীর নন্দী সংগীত পরিবেশন করবেন।
অ্যালবামটিতে রয়েছে ‘এ জীবনে নাই বা পেলাম তোমায়’, ‘ভালবাসা দিয়ে তারে’, ‘আমার এ গানের’, ‘কারো কারো কাছে জীবন’, ‘কালিদাসের মেঘ নাকি তোমার মাথার চুল’, ‘আমি অমিত রায়, তুমি লাবণ্য’, ‘যে বাঁশি বাজে না আর সেই চেনা সুর’, ‘জানি না কেন যে তার’, ‘খুকু আমার, মেয়ে আমার তুই জীবনের গান’, ‘যাবেই তুমি চলে তবু যাবে কি তুমি চলে’, ‘জীবনে আমার তুমি এলে’, ‘ওই ফুলদানীটা সাজানো গোছানো দেখে’ ইত্যাদি গান।
