বিয়ে একটি ভালো বিষয়: রাসেল
হলিউডি কমেডিয়ান রাসেল ব্র্যান্ড গত বছর পপ তারকা কেটি পেরির সঙ্গে তার ১৪ মাসের বিবাহিত জীবনের ইতি টানেন। তবে আবারও বিয়ের পিঁড়িতে বসবার পরিকল্পনা করছেন রাসেল। খবর পিটিআই এর।
ফিমেলফার্স্ট অনলাইনের বরাতে মাধ্যমটি জানায়, কেটি পেরির সঙ্গে বিচ্ছেদে ভেঙে পড়েননি রাসেল। বরং অন্য একজনের সঙ্গে বাকি জীবন কাটানোর পরিকল্পনা করছেন ওই কমেডিয়ান।
ব্র্যান্ড বলেন, ‘বিচ্ছেদ হয়েছে বলে ভবিষ্যতে আমি কখনও বিয়ে করব না তা তো হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে একটি ভালো বিষয়। একটি ভুলের জন্য পুরো বিষয়টি নিয়ে নেতিবাচক ধারণা রাখা ঠিক না।’
২০১০ সালে কেটি পেরির সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে নারী সঙ্গ নিয়ে বেশ বদনাম ছিলো রাসেলের। তবে তিনি সে বিষয় থেকে সরে এসেছেন বলে দাবি করেছেন। ব্র্যান্ড বলেন, ‘আগে আমি নারী সঙ্গকেই বেশি প্রাধান্য দিতাম। এখন আমি সরে এসেছি। এখন আমি যোগব্যয়াম করে বেশ খানিকটা সময় কাটাই। আর বিষয়টি অত্যন্ত ভালো।’
