১০০ কোটির দলে ‘রেস ২’
বক্স অফিস থেকে বছরের প্রথমেই ১০০ কোটি রুপি তুলে নিয়ে ১০০ কোটি সিনেমার শিবিরে নিজের নামটি যুক্ত করলো আব্বাস-মাস্তান পরিচালিত বলিউডি সিনেমা ‘রেস ২’। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মোট ৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তি পাবার ২ সপ্তাহের মধ্যে ১০০ কোটি ৪৫ লাখ রুপি আয় করে। এক বিবৃতিতে ডিজনি ইউটিভির পরিচালক গৌরব ভার্মা বলেন, ‘আমরা দারুণ আনন্দিত যে বক্স অফিসে শুরু থেকেই জনপ্রিয়তা পেয়েছে ‘রেস ২’ এবং এখন পর্যন্ত তার স্থানটি ধরে রেখেছে। সিনেমাটির উপর আমাদের আস্থা ছিলো। দর্শকরাও আগ্রহের সঙ্গে সিনেমাটি গ্রহণ করেছেন। দর্শকরাই আমাদেরকে এ স্থানে পৌঁছাতে সাহায্য করেছেন।’
ইউটিভি মোশন পিকচারস এবং টিপস মিউজিক ফিল্মসের যৌথ প্রযোজনায় ‘রেস ২’ সিনেমাটিতে অভিনয় করেছেন সাইফ আলি খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্ডেজ, অনীল কাপুর এবং আমিশা প্যাটেল।
