জিনাত আমানের বিয়ের গুজব!
সম্প্রতি বলিউডে সাড়া জাগিয়েছে সিনিয়র অভিনেত্রী জিনাত আমানের মুম্বাইয়ের ৩৬ বছর বয়সি ব্যবসায়ীকে বিয়ে করার বিষয়টি। তবে খবরটির মধ্যে কোনো সত্যতা নেই এবং সেটিকে গুজব হিসেবে দাবি করেছেন জিনাত আমান। খবর জি নিউজ ব্যুরোর।
মাধ্যমটির সঙ্গে এক আলাপে ৬১ বছর বয়সি ওই অভিনেত্রী বিষয়টিকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে নারাজ ছিলেন জিনাত। তবে তিনি জানান, যাকে নিয়ে এ ধরনের গুজব ছড়ানো হয়েছে সেই ব্যক্তির সঙ্গে তার সাধারণ পরিচয়ের বাইরে আর কোনো সম্পর্কই নেই। আর তাকে কিভাবে এ বিষয়টির সঙ্গে জড়ানো হয়েছে সে বিষয়েও চিন্তিত তিনি।
জিনাত বলেন, ‘তারা ভুল ব্যক্তিকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে ফেলেছেন। মিডিয়া যাকে নিয়ে এতটা মাথা ঘামাচ্ছে তাকে আমি বেশ কিছুদিন ধরে চিনি। তিনি শিবসেনার সঙ্গে কাজ করেন। আর শিবসেনা আয়োজিত কিছু অনুষ্ঠানেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তিনি কোথা থেকে এসেছেন? আর মিডিয়া কিভাবে শারফারাজ আহসানের সঙ্গে আমাকে জড়িয়ে ফেলল? বিষয়টি আমাকে বিব্রত করেছে। তাছাড়া বিষয়টি শারফারাজের জন্যও বিব্রতকর।’
জানা যায়, গুজবটি ছড়ানোর বেশ কিছুদিন আগে থেকেই শারফারাজের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই জিনাত আমানের। তবে এমন গুজব ছড়ানোর জন্য মিডিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিয়েছেন জিনাত।
জিনাত এ বিষয়ে বলেন, ‘আমার দুটি ছেলে আছে। আর আমার জীবনে প্রথম অধিকার তাদেরই। তাদেরকে মানুষের সামনে এমন মিথ্যা গুজবের কারণে ছোট হতে দিতে পারি না।’
