তিন বছর পর শানু
বৃহস্পতিবার রাত ৯টা ৪৫মিনিটে বাংলাভিশন শুরু করবে তাদের নতুন ধারাবাহিক নাটক ‘কর্তা কাহিনী’র প্রচার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাহ্উদ্দিন লাভলু, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, রুমানা, আরফান আহমেদ, আলীরাজ, নাঈম, হাসান ফেরদৌস জুয়েল, জ্যোতিকা জ্যোতি, এলিন, আমিরুল হক চৌধুরী, গোলাম হাবিবুর রহমান মধু, নাফা, বৃষ্টি, সুমনা, শামীম ভিস্তি, লিটন, সোহরাব হিরো, শানারৈ দেবী শানু প্রমুখ।
এই নাটকের মাধ্যমে তিন বছরের অভিনয় বিরতি ভাঙ্গলেন লাক্স চ্যানেল আইখ্যাত শানু। অনুপস্থিতির কারণ জানিয়ে তিনি গ্লিটজকে বলেন, ‘বিয়ের পরপরই বাচ্চা নিলাম। এরপর এতোদিন শুধু বাচ্চাকেই সময় দিলাম। ওর একটু বড় হওয়ার অপেক্ষায় ছিলাম। এখন মনে হচ্ছে আবার অভিনয়ে ফেরা যায়। তাই ফিরে এলাম।’
নাটক নিয়ে পরিচালক অরণ্য গ্লিটজ বলেন, ‘নাটকটিতে তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। কমেডিধর্মী নাটক। অনেকদিন পর এই নাটকে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু। নাটকটি সবার ভালো লাগবে আশা করি।’
এই উপলক্ষে ৫ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টায় ‘ঢাকা ক্লাব’এ এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, ‘কর্তা কাহিনী’ নাটকের অভিনয়শিল্পীরা, নাটকের পরিচালক অরণ্য আনোয়ার, বাংলাভিশনের উর্ধ্বতন অনুষ্ঠান ব্যবস্থাপক দেওয়ান শামসুর রকিব এবং অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ।
