ভালোবাসা দিবসে মোশারফ ও তিশা
ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘প্রথম সূর্যের গল্প’ এর শুটিং হলো ঢাকার বিভিন্ন লোকেশনে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশারফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।
নাটকের কাহিনীতে দেখা যাবে ইতি ও অবাক দু’জনের পরিচয় ফেইসবুকের মাধ্যমে। এক বছর পর তারা দেখা করে। মেয়েটা ছেলেটার সম্পর্কে তেমন কিছুই জানে না। জানে শুধু ছেলেটা কবিতা লেখে আর ম্যাজিকের মতো কথা বলে। ইতি দেখা করতে এসে দেখে অবাক পরিবাগ রাস্তার উপর পথশিশুদের পড়ায়, এবং অনেক সহজ সরল সাধারণ একটা ছেলে। মজার ব্যাপার হল দু’জন দু’জনকে ভালবাসে কিন্তু বলতে পারেনা। হঠাৎ একদিন ইতি জানায় তার বিয়ে ঠিক হয়েছে। আকদ্ এর সময়টিও জানায়। অবাক কি করবে বুঝতে পারেনা। ইতি জানায় আকদ্ হলেও আকদ্রে তিনদিন পর সে অবাকের সঙ্গে দেখা করতে আসবে। তিনদিন পরে ঠিকই দেখা করতে আসে ইতি। বেশ কিছুদিন পর অবাক একসময় হাসপাতালে এসে দেখে ইতি শুয়ে আছে বেডে, কোমায়। এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী।
প্রাণ-আর এফ এল প্রোডাকশন এর প্রযোজনায় নাটকটি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৯:০৫ মিনিটে।
