২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেসিকার নকশায় ব্যাগ

দানের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করতে ব্যাগের নকশা করছেন সারাহ্ জেসিকা পারকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

হলিউডি অভিনেত্রী সারাহ জেসিকা পারকার দানের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করতে একটি হ্যান্ডব্যাগ ডিজাইন করছেন। আর সেজন্য ওই অভিনেত্রী জুটি বেঁধেছেন ফ্যাশন ডিজাইনার কেনেথ কোলের সঙ্গে। খবর পিটিআই এর।

ই অনলাইনের বরাতে মাধ্যমটি জানায়, ‘সেক্স অ্যান্ড দি সিটি’ খ্যাত ৪৭ বছর বয়সি ওই অভিনেত্রী সোনালি ছটার কালো রঙের সাপের চামড়ার একটি ক্লাচ ডিজাইন করেছেন। যার মূল্য ১ হাজার ডলার। আর এ ব্যাগটির বিক্রি থেকে প্রাপ্ত অর্থ আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের তহবিলে জমা করা হবে।

এ বিষয়ে জেসিকা বলেন, ‘কেনেথ কোলের সঙ্গে ব্যাগটি ডিজাইন করার সময় কাজের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। আর আমি কাজটি করছি এএমএফএআরকে সাহায্য করার জন্য। কেনেথ তার কাজের মধ্য দিয়ে প্রায় ৩০ বছর ধরে এএমএফএআরকে তাদের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে আসছে। আমার ভেবেই ভালো লাগছে যে, আমর ডিজাইন করা ব্যাগ থেকে অর্জিত অর্থ এইচআইভি এবং এইডস আক্রান্ত মানুষের সাহায্যে ব্যবহৃত হবে।’

নিউ ইয়র্কের সাইফিয়ানি ওয়াল স্ট্রিটে আয়োজিত এক নিলামে ব্যাগটি বিক্রি হবে। ওই অনুষ্ঠানে কোল, জেনেট জ্যাকসন এবং হাইডি কামকে সংগঠনটির সাহায্যে তাদের সক্রিয় ভূমিকার জন্য সম্মান জানানো হবে।