১৫ ফেব্রুয়ারি ‘অন্যরকম ভালোবাসা’
শাহিন-সুমন পরিচালিত ‘অন্যরকম ভালোবাসা’ মঙ্গলবার সম্পূর্ণ বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ওই সিনেমাটি ১৫ ফেব্রুয়ারি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে সারা দেশের প্রায় ৮০টি হলে মুক্তি পাবে।
যুগল পরিচালক শাহিন-সুমন গ্লিটজকে বলেন, ‘নানা চমকের এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী এবং মাহিয়া মাহি। সেসঙ্গে যোগ হয়েছেন আরেক নতুন মুখ সারাহ জেরিন। অনেক গোছালো এবং পরিপাটি একটি সিনেমা অন্যরকম ভালোবাসা।’
শীষ মনোয়ার গ্লিটজকে বলেন, ‘আমাদের টার্গেট ৮০টি হলে মুক্তি দেওয়ার, এখন পর্যন্ত ৫০টি হল নিশ্চিত হয়েছে।’
অন্যরকম ভালোবাসার আরো কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, নূতন, অমিত হাসান, কাবিলা, ডন এবং বিপাশা। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীতে ছবিটির কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সঙ্গীত পরিচালনা করেছেন যৌথভাবে শফিক তুহিন, ইমন সাহা, ফুয়াদ আল মুক্তাদির, শওকত আলী ইমন, আহমেদ ইমতিয়াজ বুলবুল।
