‘গুরু পাপে লঘু দণ্ড’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এর দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণাকে গুরু অপরাধে লঘু শাস্তি হিসেবে আখ্যায়িত করেছেন সাধারণ মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কর্মীরা।
‘কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের রায়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করছি , আমাদের দাবি ফাঁসি’: কামাল লোহানী
কাদের মোল্লর বিরুদ্ধে আনা মোট ৬টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও কেন তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করা হলো না তা আমাদের বোধগম্য নয়। জামায়াতের সহিংসতার বিপরীতে সরকারের নতজানু নীতির তীব্র প্রতিবাদ জানাই আমরা। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্যও সকলের প্রতি আহ্বান জানাই।
‘সরকারের ভালো কাউকে দিয়ে দ্রুত আপিল করা উচিৎ ’: ঝুনা চৌধুরী
আমরা অসন্তুষ্ট। এতো বড় একজন খুনি যদি যাবজ্জীবন কারাদ- পায় তবে অন্যান্য যুদ্ধাপরাধীদের কী বিচার হবে তা নিয়ে সংশয় জাগে। শুনেছি সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। আমাদের চাওয়া ভালো কাউকে দিয়ে যেন দ্রুত আপিল করা হয়। যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখতে চায় সবাই।
‘সরকারকে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করার অধিকার কে দিয়েছে ?’: রোকেয়া প্রাচী
আমার প্রথম প্রশ্ন কেন যাবজ্জীবন ? কেন ফাঁসি নয়। এই রায় খুব লজ্জাজনক। সরকারকে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করার অধিকার কে দিয়েছে এটা আমরা জানতে চাই। এটা সরকারের অঙ্গিকার ছিলো। সরকার তাদের অঙ্গিকার পূরণে ব্যর্থ হয়েছে। এই কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় এবং এর কার্যকারিতা দেখতে চাই।
‘এই রায় জামায়াত-শিবিরের বড় ধরনের একটি জয় এবং মুক্তিযুদ্ধের পক্ষশক্তির জন্য অপমানজনক’ : আফজাল সুযন
কাদের মোল্লার মতো একজন ৭১ এর মানবতা বিরোধী অপরাধীর বিচারের এমন রায় মেনে নেওয়া যায় না। বিচারের বিরোধিতা করে জামায়াত-শিবির হরতালের ডাক দিয়েছে এবং তারা বেশ কিছুদিন থেকেই জ্বালাও পোড়াও করছে, এরপর এমন রায় জামায়াত-শিবিরের একটা বড় ধরনের জয় বলেই মনে হচ্ছে। এটা মুক্তিযুদ্ধের পক্ষশক্তির জন্য অপমানজনক। পুরো জাতি এই রায় প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ এইসব যুদ্ধাপরাধীর ফাঁসিই চেয়েছিল। যেহেতু কাদের মোল্লার বিপক্ষে খুন, গণহত্যা, ধর্ষণ, লুঠপাটের সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইবুনালে প্রমাণিত হয়েছে তাই বিচারের রায়টি পুনর্বিবেচনার জন্য ট্রাইবুনালের কাছে জোর দাবি জানাই।
