শিশুদের পাশে শচীন-ঐশ্বরিয়া
সম্প্রতি ‘কোকা কোলা-এনডিটিভি সাপোর্ট মাই স্কুল’ নামের এক ক্যাম্পেইনের তরফ থেকে ভারতের ২৭২টি দরিদ্র স্কুলের জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ১৩ লাখ ৬ হাজার রুপির তহবিল তুলতে সক্ষম হয়েছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।
ছয় মাস ব্যাপী ওই তহবিল সংগ্রহ ক্যাম্পেইনের আওতায় ১২ ঘন্টার ওই টেলেথনের প্রচার শুরু হয় ইউটিউব এবং শচীনের ফেইসবুক পেইজের মাধ্যমে। সেটি অনুষ্ঠিত হয় মুম্বাই এর ইয়াশ রাজ স্টুডিওতে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঐশ্বরিয়া এবং শচীন। অন্য তারকাদের মধ্যে ওই দিন উপস্থিত ছিলেন কাজল, অজয় দেবগন, আয়ুষ্মান খুরানা এবং সাইরাস ব্রোচার মতো বলিউডি অভিনয়শিল্পীরা।
ওই আয়োজন সম্পর্কে ঐশ্বরিয়া বলেন, ‘একজন মা হিসেবে শিশুদের যথাযথ শিক্ষার মাধ্যমে বড় করে তোলার বিষয়টির গুরুত্ব আমি জানি। প্রতিটি শিশুর রয়েছে শিক্ষার অধিকার; প্রতিটি কন্যা শিশুর রয়েছে, তারা যে সমাজের ভবিষ্যত আশা সেটি জানার অধিকার।’
এরইমধ্যে এই তহবিল সংগ্রহ অভিযানটি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সমর্থন লাভে সক্ষম হয়েছে। জাতিসংঘ, হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেস লিমিটেড, এসআরএফ ফাউন্ডেশন এরইমধ্যে ওই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
