খানদের ছাড়া নাচবেন না জ্যাকুলিন!
আইটেম গানের দিক থেকে বলিউডি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ক্যারিয়ার এর মধ্যেই হয়ে উঠেছে বেশ সমৃদ্ধ। ‘হাউজফুল ২’ এর ‘ধান্নো’, ‘মার্ডার টু’ এর ‘আ জারা কারিব’ থেকে শুরু করে ‘রেইস ২’ এর ‘মুঝে তো তেরি লাত লাগ গ্যায়ি’ সবগুলোই হয়েছে জনপ্রিয়। আর তাই আইটেম গানের জন্য এখন চাহিদা অনেক বেড়ে গেছে জ্যাকুলিনের। সম্প্রতি সাবেক ‘মিস শ্রীলঙ্কা’ জানিয়েছেন, এখন থেকে কেবল সেসব আইটেম গানেই অভিনয় করবেন তিনি, যেখানে থাকবেন সালমান কিংবা শাহরুখ খান! খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সম্প্রতি অনেক আইটেম গানের প্রস্তাব আসছে জ্যাকুলিনের কাছে। কিন্তু এখন থেকে বেছে বেছেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর তাই খান বিহীন কোনো গানে তিনি অংশ নেবেন না- জানিয়ে দিয়েছেন সাফ সাফই।
এ ব্যাপারে জ্যাকুলিন বলেছেন, ‘এটা আমার সৌভাগ্য যে, বিভিন্ন ধরনের আইটেম গানে অভিনয়ের সুযোগ পেয়েছি আমি। কিছুদিন ধরেই আরো অনেক আইটেম গানের প্রস্তাব আসছে আমার কাছে; কিন্তু এতো তাড়াতাড়ি এরকম প্রস্তাব গ্রহণ করতে চাইছি না আমি। আইটেম গানে আর অংশ নেব না- এমন কোন কঠিন সিদ্ধান্ত নেইনি আমি এখনো; তবে এখন থেকে এমন গানেই আমি অংশ নেবো, যেখানে শাহরুখ কিংবা সালমানের সঙ্গে নাচার সুযোগ হবে আমার।’
