‘ফ্যাশনেবল’ শিশু চান কিম এবং কেনি
টেলিভিশন ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান এবং তার প্রেমিক র্যাপার কেনি ওয়েস্ট এখন থেকেই নিজেদের সন্তানকে ফ্যাশন সচেতন করে গড়ে তোলার পরিকল্পনা করছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
তারা তাদের অনাগত সন্তানকে নিজেদের মতো আকর্ষনীয় করে তুলতে তার জন্য আলাদাভাবে পোশাক তৈরির পরিকল্পনা করছেন।
কন্টাক্টমিউজিক জানায়, ‘জিমি কিমেল লাইভ!’ শোতে কিম এ সম্পর্কে বলেন, ‘যারা কেনিকে চেনেন, তারা জানেন সে কতটা ফ্যাশন সচেতন। আমাদের সন্তানও ঠিক তেমনি ফ্যাশন সচেতন হবে।’
তার সন্তানের জন্য কিম কি ধরনের পোশাক পছন্দ করবেন জানতে চাইলে কিম বলেন, ‘চেইন এবং চামড়ার প্যান্ট।’
কিম এবং কেনির প্রথম সন্তানটি তাদের পরিকল্পনায় ছিলো না। তাই কেনি বিষয়টি কিভাবে নেবেন সে সম্পর্কেও ধারনা ছিলো না কিমের। ওই বিষয়ে কিম বলেন, ‘আমরা প্রথমেই ওই বিষয়ে কথা বলি। আর সেটি কেনির জন্য একটি সারপ্রাইজ ছিলো। তার প্রতিক্রিয়া সত্যিই অসাধারণ ছিলো।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএম/ফেব্রুয়ারি ২/১৩
