মঞ্চে গাইলেন অমিতাভ
বলিউডি সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন বেশ কয়েকবারই; কিন্তু এবারই প্রথম কোন কনসার্টে সরাসরি দর্শকদের সামনে গাইলেন সিনিয়র বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চন। ‘গ্লোবাল সাউন্ডস অফ পিস’ নামের ঐ কনসার্টে আদেশ শ্রীবাস্তব, উদিত নারায়ণ এবং শানের মতো প্রতিষ্ঠিত ভারতীয় সঙ্গীতশিল্পীরাও অংশগ্রহণ করেন। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।
আদেশ শ্রীবাস্তবের উদ্যোগে আয়োজিত ঐ কনসার্টে ‘রং বাসান্তি’ নামের একটি গান পরিবেশন করেন অমিতাভ। আয়োজনটির অন্যতম আকর্ষণটির জন্য উপস্থিত অন্য শিল্পীরা আগ্রহভরে অপেক্ষা করছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে কনসার্টের শেষে অমিতাভ বলেন, ‘যারা কনসার্টটি দেখতে এসেছিলেন, তাদের ধন্যবাদ জানাই। সাধারণত চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কনসার্টগুলোর কিছু আলাদা বৈশিষ্ট্য এবং আঙ্গিক থাকে। এই কনসার্টটি ছিলো একটু ধ্রুপদ ঘরানার। আমার ধারণা ছিলো না, এধরনের সঙ্গীতও মানুষ পছন্দ করে।’
সরাসরি দর্শকদের সামনে গান পরিবেশনার ব্যাপারটি বেশ কঠিন ছিলো তার জন্য, এমন জানিয়ে অমিতাভ আরো বলেন, ‘সরাসরি দর্শকদের সামনে পরিবেশনার বিষয়টি সবসময়ই কঠিন। এটি অনেক বেশি পরিশ্রমেরও বটে। আর এখানে তো সঙ্গীত পরিবেশনার ব্যাপারও ছিলো, দর্শকদের সামনে এভাবে গান গাওয়ার অভিজ্ঞতা তাই একটু কঠিনই ছিলো বলতে হবে।’
কনসার্টে উপস্থিত তারকাদের মধ্যে ছিলেন, পরিচালক আর বাল্কি, আশুতোষ গোয়াড়িকর, অভিনেতা আয়ুষ্মান খুরানা, কুনাল কাপুর, কবিতা শেঠ এবং অন্যান্যরা। অতিথিদের বরণ করতে অনুষ্ঠানটিতে লাল গলিচার পরিবর্তে সাদা গালিচা বিছানো হয়েছিলো। ‘পিস কনসার্ট’-এ শান্তির প্রতীক সাদা রং ব্যবহারকে স্বাগত জানিয়েছেন সবাই।
